Women Reservation Bill
Bengal Liberty, ১৬ এপ্রিল :
আজ, বৃহষ্পতিবার সংসদে শুরু হতে চলেছে বিশেষ অধিবেশন (Women Reservation Bill)। বড় বদলের সামনে দাঁড়িয়ে রয়েছে সর দেশ। কেন্দ্রীয় সরকার একসঙ্গে তিনটি গুরুত্বপূর্ণ বিল পেশ করতে চলেছে, যা নারী সংরক্ষণ, আসন পুনর্বিন্যাস এবং ভবিষ্যতের নির্বাচনী কাঠামোয় বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ৩৩ শতাংশ মহিলা আসন সংরক্ষণ বিল পাশে বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। জানা গেছে, তিনদিন ধরে হবে এই অধিবেশন। যেখানে মহিলা সংরক্ষণ বিল ছাড়াও আরও দু’টি বিল পেশ করা হবে সংসদে। একটি হল লোকসভার আসন পুনর্বিন্যাস বিল ও কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধনী বিল (Women Reservation Bill)।

মহিলা আসন সংরক্ষণ বিল (Women Reservation Bill)
কেন্দ্রশাসিত অঞ্চলের আইন সংশোধন বিল, ২০২৬-এর মাধ্যমে দিল্লি, জম্মু-কাশ্মীর এবং পুদুচেরির বিধানসভায় ৩৩ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষণের প্রস্তাব আনা হয়েছে। বর্তমানে এই অঞ্চলগুলিতে নারীদের প্রতিনিধিত্ব সীমিত, ফলে এই পদক্ষেপ কার্যকর হলে রাজনৈতিক ক্ষেত্রে নারীদের উপস্থিতি অনেকটাই বাড়বে। শুধু তাই নয়, প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত হবে, যা সামগ্রিকভাবে শাসন ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক করে তুলতে পারে।

সংবিধান সংশোধনের মাধ্যমে জাতীয় স্তরে সংরক্ষণ (Women Reservation Bill)
১৩১তম সংবিধান সংশোধনী বিলের লক্ষ্য সারা দেশে মহিলা সংরক্ষণ আইনের সাংবিধানিক ভিত্তি মজবুত করা। এই বিল পাশ হলে লোকসভা ও রাজ্যসভায় ৩৩ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত করার পথ আরও পরিষ্কার হবে। কেন্দ্রীয় সরকারের লক্ষ্য ২০২৯ সালের সাধারণ নির্বাচনের আগেই এই ব্যবস্থা কার্যকর করা। “নারী শক্তি বন্দন” ভাবনাকে বাস্তবে রূপ দিতে এই বিলকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। তবে এই সংরক্ষণ কার্যকর করতে গেলে আসন পুনর্বিন্যাস অপরিহার্য, কারণ নতুন করে নির্ধারণ করতে হবে সংরক্ষিত আসনগুলি।

ডিলিমিটেশন বিল (Women Reservation Bill)
ডিলিমিটেশন বিলের মাধ্যমে লোকসভা এবং বিধানসভার আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। কেন্দ্রের পরিকল্পনা অনুযায়ী লোকসভার আসন সংখ্যা ৮৫০-তে পৌঁছতে পারে, যা দেশের নির্বাচনী কাঠামোয় এক ঐতিহাসিক পরিবর্তন আনতে পারে। জনসংখ্যার ভিত্তিতে নতুন করে আসন নির্ধারণ করা হলে বিভিন্ন রাজ্যের প্রতিনিধিত্বেও পরিবর্তন আসতে পারে। তবে এই বিল ঘিরেই সবচেয়ে বেশি বিতর্ক তৈরি হয়েছে। বিরোধীদের দাবি, ২০১১ সালের জনগণনার পরিবর্তে ২০২১ সালের তথ্য ব্যবহার করা উচিত। পাশাপাশি, উত্তর ও দক্ষিণ ভারতের মধ্যে আসন বণ্টনের ভারসাম্য নিয়েও উদ্বেগ প্রকাশ করা হচ্ছে।
এই তিনটি বিল একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। নারী সংরক্ষণ কার্যকর করতে গেলে প্রথমে আসন পুনর্বিন্যাস দরকার, আর সেই কাঠামো তৈরি করতেই ডিলিমিটেশন বিল আনা হয়েছে। পাশাপাশি সংবিধান সংশোধনের মাধ্যমে আইনি ভিত্তি মজবুত করা হচ্ছে। ফলে এটি শুধুমাত্র আইন প্রণয়ন নয়, বরং ২০২৯ সালের নির্বাচনকে সামনে রেখে দীর্ঘমেয়াদি রাজনৈতিক পরিকল্পনার অংশ বলেই মনে করা হচ্ছে।
