Bengal Liberty, ১৬ এপ্রিল :
বিধানসভা নির্বাচনের ঠিক আগে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া লক্ষ লক্ষ মানুষের জন্য বড়সড় স্বস্তির বার্তা দিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট Supreme Court on Deleted Voters। বৃহস্পতিবার আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, নির্বাচনের মাত্র ২ দিন আগে পর্যন্ত ট্রাইবুনাল যদি কোনও ভোটারকে ছাড়পত্র দেয়, তাহলে সেই ব্যক্তি ভোট দিতে পারবেন। শুধু তাই নয়, বঙ্গ ভোটের আগে এসআইআর সংক্রান্ত মামলার শুনানিতে ‘বিশেষ ক্ষমতা’ ১৪২ ধারা প্রয়োগ করল শীর্ষ আদালত।

সুপ্রিম কোর্টের এই নির্দেশের ফলে রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ পড়া প্রায় ২৭ লক্ষ মানুষ পুনরায় তাঁদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেলেন। তবে শীর্ষ আদালত স্পষ্ট করে দিয়েছে, ভোট দিতে হলে নির্দিষ্ট সময়ের মধ্যে ‘আপিল ট্রাইব্যুনাল’ এর চূড়ান্ত ছাড়পত্র পাওয়া বাধ্যতামূলক।
ছাড়পত্র মেলার সময়সীমা ও শর্ত
আদালতের নির্দেশিকা অনুযায়ী, প্রথম দফার নির্বাচনে (২৩ এপ্রিল) ভোট দিতে হলে ২১ এপ্রিলের মধ্যে এবং দ্বিতীয় দফার ক্ষেত্রে (২৯ এপ্রিল) ২৭ এপ্রিলের মধ্যে ট্রাইব্যুনালের ছাড়পত্র আদায় করতে হবে। আদালত কড়া বার্তায় জানিয়েছে, কেবল আবেদন করাই যথেষ্ট নয়; আবেদনের নিষ্পত্তি হয়ে ছাড়পত্র মিললেই ভোট দেওয়া যাবে। ট্রাইবুনাল কারও নাম বাতিল করলে তিনি ভোটাধিকার পাবেন না।
আরও খবর
আবেদনের সহজ পদ্ধতি
সাধারণ মানুষের হয়রানি রুখতে অনলাইন ও অফলাইন, দুই মাধ্যমেই আবেদনের সুযোগ রেখেছে নির্বাচন কমিশন। অনলাইনে ‘ইসিআইনেট’ (ECINET) মোবাইল অ্যাপ বা কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে আবেদন করা যাবে। এছাড়া, অফলাইনে সংশ্লিষ্ট জেলাশাসক (DM) বা মহকুমাশাসকের (SDO) দপ্তরে গিয়েও আবেদনপত্র জমা দেওয়া সম্ভব।
তৎপর আপিল ট্রাইব্যুনাল
রাজ্যে বর্তমানে ৬০ লক্ষেরও বেশি ভোটারের নাম বিবেচনাধীন রয়েছে। ভোটের দিনক্ষণ ক্রমশ এগিয়ে আসায় দ্রুততার সঙ্গে গোটা প্রক্রিয়াটি সম্পন্ন করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই পরিস্থিতি মোকাবিলায় ১৯ জন অবসরপ্রাপ্ত বিচারপতির সমন্বয়ে একটি বিশেষ ‘আপিল ট্রাইব্যুনাল’ গঠন করা হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, এই ট্রাইব্যুনাল বর্তমানে যুদ্ধকালীন তৎপরতায় নথি যাচাইয়ের কাজ চালিয়ে যাচ্ছে, যাতে যথাসম্ভব বেশি সংখ্যক মানুষ তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সুযোগ পান।


