PM Modi in Bishnupur
Bengal Liberty, ১৯ এপ্রিল :
হাতে আর মাত্র ৩ দিন। তারপরই বঙ্গে প্রথম দফার নির্বাচন। তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরও এক দফা উত্তাপ ছড়াল বিষ্ণুপুরের মঞ্চ থেকে (PM Modi in Bishnupur)। বক্তব্যের শুরুতেই একদিকে তৃণমূল-কংগ্রেসের তথাকথিত ‘আঁতাত’ নিয়ে তীব্র আক্রমণ শানালেন অপরদিকে মহিলাদের জন্য একের পর এক আর্থিক প্রতিশ্রুতির বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ-সহ অন্যান্য নেতৃত্বদের উপস্থিতিতে আয়োজিত জনসভায় মোদি দাবি করেন, বাংলার মহিলাদের রাজনৈতিক ক্ষমতায়নে সবথেকে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপি ক্ষমতায় এলে বাংলার মহিলাদের বছরে ৩৬ হাজার টাকা, গর্ভবতী মহিলাদের জন্য ২১ হাজার টাকা এবং সন্তান জন্মের পর অতিরিক্ত ৫০০০ টাকা সহায়তার ঘোষণা করে ভোটের মুখে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিলেন তিনি (PM Modi in Bishnupur)।

নারী সংরক্ষণ বিল প্রসঙ্গে তৃণমূলকে নিশানা প্রধানমন্ত্রীর (PM Modi in Bishnupur)
বিষ্ণুপুরের সভা থেকে নারী সংরক্ষণ বিল নিয়েও তৃণমূলের বিরুদ্ধে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর দাবি, মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণ নিশ্চিত করতে কেন্দ্র পদক্ষেপ নিয়েছে এবং ২০২৯ সাল থেকে তা কার্যকর করার রূপরেখাও তৈরি হয়েছে। কিন্তু তৃণমূল বাংলার মহিলাদের রাজনৈতিক প্রতিনিধিত্ব বাড়ুক, তা চায় না বলেই অভিযোগ তোলেন তিনি।মোদির কথায়, রাজ্যের মহিলারা এখন তৃণমূলের শাসনের বিরুদ্ধে সরব হচ্ছেন। কংগ্রেসের সঙ্গে সমন্বয় করে এই প্রক্রিয়া আটকে দেওয়ার চেষ্টার অভিযোগও তোলেন প্রধানমন্ত্রী।

মহিলা ও ছাত্রীদের জন্য একাধিক আর্থিক প্রতিশ্রুতি মোদির (PM Modi in Bishnupur)
বিষ্ণুপুরের সভা থেকে মহিলাদের আর্থিক স্বনির্ভরতা এবং শিক্ষার প্রসারে একগুচ্ছ প্রতিশ্রুতি শোনালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ঘোষণা করেন, মেয়েদের উচ্চশিক্ষার জন্য সরাসরি ৫০ হাজার টাকা সহায়তা দেওয়া হবে। পাশাপাশি ‘লাখপতি দিদি’ যোজনার মাধ্যমে মহিলাদের স্বনির্ভর করে তুলতে এবং ব্যবসা শুরু বা সম্প্রসারণের জন্য ২০ লক্ষ টাকা পর্যন্ত ঋণের সুবিধার কথাও তুলে ধরেন তিনি। শুধু তাই নয়, কৃষিকাজের সঙ্গে যুক্ত মহিলাদের জন্যও বিশেষ সরকারি সুবিধা ও সহায়তার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

বিদ্যুৎ, স্বাস্থ্য, আবাস থেকে সুরক্ষা সহ একগুচ্ছ জনমুখী প্রতিশ্রুতি মোদির (PM Modi in Bishnupur)
বিষ্ণুপুরের সভা থেকে মহিলাদের পাশাপাশি সাধারণ মানুষের জন্যও একাধিক জনমুখী প্রকল্পের প্রতিশ্রুতি শোনালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংসারের খরচ কমাতে ‘পিএম সূর্য ঘর’ যোজনার মাধ্যমে বিদ্যুতের বিল শূন্যে নামিয়ে আনার লক্ষ্যে পরিবারপিছু ৮০ হাজার টাকা সহায়তার কথা ঘোষণা করেন তিনি। পাশাপাশি পাইপলাইনের মাধ্যমে সস্তায় রান্নার গ্যাস পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতিও দেন। পাশাপাশি পাকা ঘর তৈরির জন্য আবাস যোজনায় ১.৫ লক্ষ টাকা পর্যন্ত সহায়তা, আয়ুষ্মান ভারতের মাধ্যমে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা এবং কিডনি রোগীদের জন্য সরকারি হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে ডায়লিসিস পরিষেবার আশ্বাস দেন তিনি।
এর পাশাপাশি মা-বোনেদের নিরাপত্তা, গরিব মানুষের রেশন সুরক্ষা এবং বিনামূল্যে রেশন পরিষেবা চালু রাখার প্রতিশ্রুতি দিয়ে মোদি স্পষ্ট বার্তা দেন, বিজেপি ক্ষমতায় এলে সামাজিক সুরক্ষা ও জনকল্যাণমূলক প্রকল্পে আরও জোর দেওয়া হবে।

সৌমিত্রর সমর্থনে মোদির প্রচার (PM Modi in Bishnupur)
বিষ্ণুপুরে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ-র সমর্থনে প্রচারে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সভামঞ্চে সৌমিত্র খাঁ প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে আশীর্বাদ নেন এবং তাঁকে সংবর্ধনা জানান। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত মোদির এই ঝোড়ো প্রচার বিজেপি শিবিরে নতুন উদ্দীপনা তৈরি করেছে। বিশেষ করে নারী সংরক্ষণ, মহিলাদের আর্থিক সহায়তা এবং সুরক্ষার প্রশ্ন তুলে মহিলা ভোটারদের উদ্দেশ্যে মোদির দেওয়া এই ‘গ্যারান্টি’ বাংলার ভোট সমীকরণে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।
