Calcutta High court
Bengal Liberty, ২১ এপ্রিল :
ভোটের দায়িত্ব কি শুধুই সাধারণ সরকারি কর্মীদের (Calcutta High court)? দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় কি বাইরে থাকবেন অধ্যাপকরা? এই প্রশ্নেরই স্পষ্ট উত্তর দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। মঙ্গলবার এক তাৎপর্যপূর্ণ রায়ে সিঙ্গল বেঞ্চের আগের নির্দেশ খারিজ করে আদালত জানিয়ে দিল, নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি নয়, ভোটের ডিউটিতে অংশ নিতেই হবে অধ্যাপকদের (Calcutta High court)।

সিঙ্গল বেঞ্চের রায় বাতিল (Calcutta High court)
অধ্যাপকদের ভোটের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিঙ্গল বেঞ্চের আগের নির্দেশে মঙ্গলবার স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ। নির্বাচন কমিশনের জারি করা অধ্যাপকদের ভোটের কাজে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিকেই বহাল রাখল আদালত। শুনানিতে বিচারপতিরা স্পষ্ট বলেন, নির্বাচন শুধু প্রশাসনিক প্রক্রিয়া নয়, এটি গণতন্ত্রের অন্যতম উৎসব। সেই প্রক্রিয়ায় অধ্যাপকদের মতো দায়িত্বশীল নাগরিকদের বাইরে রাখার কোনও যুক্তি নেই। আদালতের পর্যবেক্ষণ, ভোটের মতো জাতীয় দায়িত্ব পালনে কোনও নির্দিষ্ট শ্রেণি আলাদা সুবিধা দাবি করতে পারে না। ফলে কমিশনের সিদ্ধান্তে আইনি সিলমোহর পড়ল।

‘গণতন্ত্রে সবার দায় সমান’, আদালতের পর্যবেক্ষণ (Calcutta High court)
শুনানির সময় মামলাকারীদের উদ্দেশ্যে ডিভিশন বেঞ্চ তাৎপর্যপূর্ণ প্রশ্ন তোলে, যখন নির্বাচন দেশ গঠনের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ, তখন দেশের স্বার্থে অধ্যাপকরা কেন দায়িত্ব নেবেন না? আদালত জানায়, গণতান্ত্রিক কাঠামোয় প্রত্যেক নাগরিকের দায়বদ্ধতা সমান, এবং সেই দায় থেকে কেউ নিজেকে সরিয়ে রাখতে পারেন না। এই রায়ের পর রাজ্যের শিক্ষা মহলে তৈরি হয়েছে ব্যাপক চর্চা। একদিকে কাজের বাড়তি চাপ নিয়ে উদ্বেগ থাকলেও, অনেকেই মনে করছেন, এই রায় গণতান্ত্রিক দায়িত্ববোধের পরিধিকে আরও বিস্তৃত করল। একইসঙ্গে নির্বাচন কমিশনের সিদ্ধান্তও আদালতের স্বীকৃতি পেল।
