ayushman bharat
বেঙ্গল লিবার্টি, ১১ মে :
রাজ্যের শাসনভার হাতে নিয়েই বড় চমক দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দীর্ঘ টালবাহানার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গে চালু হয়ে গেল কেন্দ্রীয় স্বাস্থ্যবিমা প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’। নির্বাচনের আগেই বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল, ক্ষমতায় এলে মোদি সরকারের এই জনমুখী প্রকল্প বাংলায় কার্যকর করা হবে। সেইমতো প্রথম ক্যাবিনেট বৈঠকেই এতে সিলমোহর দিলেন মুখ্যমন্ত্রী। তবে স্বস্তির বিষয় হলো, আপাতত তৃণমূল সরকারের কোনো জনকল্যাণমূলক প্রকল্প বন্ধ হচ্ছে না, অর্থাৎ চালু থাকছে ‘স্বাস্থ্যসাথী’ (ayushman bharat)।
সাধারণ মানুষের মনে এখন বড় প্রশ্ন, কোন প্রকল্পে বেশি সুবিধা?

আয়ুষ্মান ভারত (PMJAY): মোদি সরকারের ‘সুরক্ষা কবচ’ ayushman bharat
দরিদ্র ও আর্থিকভাবে দুর্বল পরিবারগুলির জন্য এটি বিশ্বের অন্যতম বৃহৎ স্বাস্থ্যবিমা প্রকল্প। পরিবার পিছু প্রতি বছর ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা। তালিকাভুক্ত সরকারি বা বেসরকারি হাসপাতালে কোনো টাকা দিতে হবে না। হাসপাতালে ভর্তির ৩ দিন আগে এবং ছুটির ১৫ দিন পর পর্যন্ত ওষুধ ও পরীক্ষার খরচ এই বিমার অন্তর্ভুক্ত। ক্যানসার, হার্ট সার্জারি, কিডনি ট্রান্সপ্ল্যান্ট ও ব্রেন সার্জারির মতো ১৯০০-র বেশি জটিল রোগের চিকিৎসা পাওয়া যাবে। পরিবারের সদস্য সংখ্যার কোনো সীমা নেই।
এছাড়া ৭০ বছর বা তার বেশি বয়সের প্রবীণরা আলাদাভাবে ৫ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক বিমা পাবেন। রোগীকে হাসপাতালে আনা ও নিয়ে যাওয়ার জন্য নির্দিষ্ট যাতায়াত ভাতাও মিলবে।

স্বাস্থ্যসাথী: বাংলার স্বাস্থ্য পরিষেবা
২০১৬ সাল থেকে রাজ্যে চালু থাকা এই প্রকল্পটিও সাধারণ মানুষের মধ্যে বেশ জনপ্রিয়। প্রতিটি পরিবার বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পায়। স্মার্ট কার্ডের মাধ্যমে তালিকাভুক্ত হাসপাতালে নিখরচায় ভর্তি ও অপারেশন সম্ভব। পরীক্ষা-নিরীক্ষা, ওষুধ থেকে শুরু করে রোগীর খাওয়া-দাওয়ার খরচও বহন করে রাজ্য সরকার। পরিবারের প্রধানের পাশাপাশি নির্ভরশীল সন্তান, মা-বাবা এবং শ্বশুর-শাশুড়িও এই কার্ডের সুবিধা পান। হাসপাতাল থেকে ছুটি পাওয়ার সময় এককালীন নির্দিষ্ট যাতায়াত খরচ প্রদান করা হয়।

পার্থক্য কোথায়?
মূল পার্থক্যটি হলো ভৌগোলিক এবং আওতাগত। ‘স্বাস্থ্যসাথী’ মূলত রাজ্যের সরকারি ও বেসরকারি হাসপাতালের মধ্যে সীমাবদ্ধ। অন্যদিকে, ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পে এ রাজ্যের মানুষ দেশের যেকোনো প্রান্তের তালিকাভুক্ত বড় হাসপাতালগুলোতে (যেমন: এইমস বা দক্ষিণ ভারতের নামী হাসপাতাল) বিনামূল্যে চিকিৎসার সুযোগ পাবেন।
