Mamata Banerjee
Bengal Liberty, ১৪ মে :
পরনে আইনজীবীদের পরিচিত সাদা-কালো পোশাক, হাতে মামলার নথি (Mamata Banerjee)। আজ, বৃহস্পতিবার সকালেই কলকাতা হাইকোর্টে পৌঁছে কার্যত চমকে দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল সাড়ে দশটা নাগাদ আদালতে প্রবেশ করেন তিনি। সঙ্গে ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য ও শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। ক্ষমতা হারানোর পর থেকেই রাজনৈতিক মহলে আলোচনা চলছিল, সক্রিয় রাজনীতির পাশাপাশি কি এবার ফের আইন পেশায় ফিরতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? সেই আবহেই এদিন তাঁর হাইকোর্টে উপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। সূত্রের খবর, একাধিক জায়গায় ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ এসেছে। সেই মামলায় সওয়াল করতেই আদালতে পৌঁছেছেন মমতা। কল্যাণও উপস্থিত রয়েছেন আদালতে। কিছুক্ষণ পরই শুরু হবে সওয়াল জবাব (Mamata Banerjee)

কোন মামলায় সওয়াল করতে চলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)
নির্বাচনের পর রাজ্যের একাধিক জেলায় রাজনৈতিক অশান্তি ও হামলার অভিযোগ সামনে এসেছে। সেই ঘটনাগুলিকে সামনে রেখে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র আইনজীবী শীর্ষাণ্য বন্দ্যোপাধ্যায়। আজ, বৃহস্পতিবার প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। সেই শুনানিকে ঘিরেই সকাল থেকেই হাই কোর্টে তৎপরতা বাড়ে। তারই মধ্যে নির্দিষ্ট সময়ে আদালতে পৌঁছে গিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ফের আইনজীবীর ভূমিকায় মমতা (Mamata Banerjee)
রাজনৈতিক জীবনে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার আদালতের দ্বারস্থ হয়েছেন। তবে বেশিরভাগ ক্ষেত্রেই তাঁকে আবেদনকারী বা পিটিশনার হিসেবেই দেখা গিয়েছে। এর আগেও বাংলায় এসআইআর সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে আইনজীবীর ভূমিকায় সরাসরি সওয়াল করতে দেখা গিয়েছিল তাঁকে। সেই মামলায় তিনি নিজেও পিটিশনার ছিলেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে কমিশনের আইনজীবীদের সঙ্গে তাঁর তর্ক ও সওয়াল-জবাব রাজনৈতিক ও আইনি মহলে যথেষ্ট চর্চার বিষয় হয়ে উঠেছিল। নির্বাচনের ফল ঘোষণার পরই মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দিয়েছিলেন, তিনি আবারও আইন পেশায় সক্রিয় হতে চান। বুধবার কলকাতা হাইকোর্টে তাঁর উপস্থিতি সেই জল্পনাকেই আরও স্পষ্ট করল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
