DCP Shantanu Sinha Biswas
Bengal Liberty, ১৪ মে :
অবশেষে ইডির জারি করা লুকআউট নোটিসের পর সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে পৌঁছলেন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu Sinha Biswas)। বারবার তলবের পরও হাজিরা না দেওয়ায় শেষ পর্যন্ত কড়া অবস্থান নেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। জারি করা হয় লুকআউট নোটিস, এমনকি কলকাতা পুলিশের ডিরেক্টর অফ সিকিউরিটিকে সরাসরি চিঠি পাঠিয়ে ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস বর্তমানে কোথায় রয়েছেন, তিনি কোন দায়িত্বে কর্মরত আছেনতা জানতে চাওয়া হয়। পাশাপাশি তাঁকে ইডি দপ্তরে পাঠানোর জন্যও অনুরোধ জানানো হয়েছিল। তদন্তকারী সংস্থার তরফে স্পষ্ট জানানো হয়েছিল, চলতি আর্থিক অনিয়ম সংক্রান্ত তদন্তে তাঁকে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই চাপানউতোরের মাঝেই আজ, বৃহস্পতিবার সকাল ১১টা ৫ মিনিটে দুই আইনজীবীকে সঙ্গে নিয়ে সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে পৌঁছন কলকাতা পুলিশের ওই ডেপুটি কমিশনার (DCP Shantanu Sinha Biswas)।

একের পর এক মামলায় ইডির নজরে শান্তনু (DCP Shantanu Sinha Biswas)
কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিন্হা বিশ্বাসকে ঘিরে তদন্তের জাল ক্রমশ বিস্তৃত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তদন্তকারী সংস্থার সূত্রে খবর, গ্যাংস্টার সোনা পাপ্পুকে কেন্দ্র করে ওঠা তোলাবাজি ও জমি জালিয়াতির অভিযোগ, বালি পাচার মামলা থেকে শুরু করে এনআরআই কোটায় ভর্তি সংক্রান্ত দুর্নীতির অভিযোগ, একাধিক মামলায় তাঁর ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে সোনা পাপ্পুর বিরুদ্ধে দায়ের হওয়া জমি জালিয়াতি মামলায় শান্তনুকে একাধিকবার তলব করেছিল ইডি।
অভিযোগ, পাঁচবার নোটিস পাঠানো হলেও তিনি বারবার হাজিরা এড়িয়ে যান। সোনা পাপ্পুর বিরুদ্ধে জমি জালিয়াতি মামলায় শান্তনুকে আগেই ইডি একাধিকবার তলব করেছিল। কিন্তু, তিনি হাজির এড়িয়ে গিয়েছিলেন বারবার। এরপরই তদন্তকারী সংস্থা আশঙ্কা করে, তিনি দেশ ছাড়তে পারেন। সেই কারণেই তাঁর বিরুদ্ধে জারি করা হয় লুকআউট নোটিস। একইসঙ্গে বিভিন্ন মামলায় আলাদা আলাদা করে নোটিস পাঠিয়ে DCP শান্তনু সিন্হা বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল বলে ইডি সূত্রে জানা গিয়েছে।
