metro work
Bengal liberty desk, 15 মে ,কলকাতা:
দীর্ঘ দেড় বছরের অপেক্ষা শেষে অবশেষে কাটল চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের জট। আজ, ১৫ মে শুক্রবার রাত থেকেই শুরু হচ্ছে অরেঞ্জ লাইনের (নিউ গড়িয়া-বিমানবন্দর) গার্ডার বসানোর কাজ। এই কাজের জন্য আগামী দুটি সপ্তাহান্তে মোট ১২০ ঘণ্টা ইএম বাইপাসে যান চলাচল আংশিকভাবে নিয়ন্ত্রিত হবে। metro work

কখন ও কীভাবে হবে কাজ? (metro work)
কলকাতা পুলিশ জানিয়েছে, কাজ হবে দুটি ধাপে। প্রতি ধাপে টানা ৬০ ঘণ্টা করে ট্রাফিক ব্লক নেওয়া হবে। প্রথম ধাপ ১৫ মে ,শুক্রবার রাত ৮টা থেকে ১৮ মে, সোমবার সকাল ৮টা পর্যন্ত।দ্বিতীয় ধাপ ২২ মে শুক্রবার রাত ৮টা থেকে ২৫ মে সোমবার সকাল ৮টা পর্যন্ত।

প্রথম পর্যায়ের বিকল্প রুট (১৫ – ১৮ মে):
এই সময়ে বাইপাসের উত্তরমুখী (বিমানবন্দর ও সল্টলেকগামী) যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে।
বিমানবন্দরগামী গাড়ি অর্থাৎ ,সায়েন্স সিটির দিক থেকে আসা উত্তরমুখী গাড়িগুলিকে এনএক্স (NX) হোটেলের সামনে দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। চিংড়িঘাটায় পৌঁছানোর জন্য গাড়িগুলিকে নতুন তৈরি হওয়া বিকল্প রাস্তা ব্যবহার করতে হবে।দক্ষিণমুখী রাস্তা অর্থাৎ,সায়েন্স সিটি বা গড়িয়ার দিকে যাওয়ার রাস্তা এই সপ্তাহে পুরোপুরি স্বাভাবিক থাকবে।
দ্বিতীয় পর্যায়ের বিকল্প রুট (২২ – ২৫ মে):
এই ধাপে দক্ষিণমুখী যান চলাচলে কিছু বদল আনা হবে। চিংড়িঘাটা মোড় থেকে গাড়িগুলিকে ঘুরিয়ে ইএম বাইপাসের পশ্চিম অংশে পাঠিয়ে দেওয়া হবে। সল্টলেক বা নিউ টাউন থেকে আসা গাড়িগুলি চিংড়িঘাটা থেকে কেবল বাঁ-দিকে দক্ষিণে ঘুরতে পারবে। উত্তর দিকে যাওয়ার জন্য মেট্রোপলিটান ক্রসিং থেকে ইউ-টার্ন নিতে হবে।হাডকো বা কাঁকুরগাছি থেকে কোনো দক্ষিণমুখী লরি বা ট্রাককে চিংড়িঘাটার দিকে যেতে দেওয়া হবে না।
মেট্রোর ৩১৭, ৩১৮ এবং ৩১৯ নম্বর পিলারের মাঝে গার্ডার বসানোর জন্যই এই ব্লক প্রয়োজন ছিল। রাজ্য সরকার ও পুলিশের অনুমতি মেলায় এখন দ্রুত গতিতে কাজ শেষ করতে চাইছে মেট্রো কর্তৃপক্ষ। যেহেতু বাইপাসের মূল রাস্তার একাংশ বন্ধ থাকবে, তাই এই দুই সপ্তাহান্তে যাতায়াতের জন্য হাতে অতিরিক্ত সময় নিয়ে বেরোনোর পরামর্শ দিচ্ছে ট্রাফিক পুলিশ।
