IPL 2026 KKR vs GT
Bengal Liberty, ১৭ মে ২০২৬: কেকেআরের রাজকীয় প্রত্যাবর্তন। প্রথম চার ম্যাচে লজ্জাজনক হার, তারপরের ৬টি ম্যাচের মধ্যে ৫টিতে দুর্দান্ত জয় তুলে নিল কেকেআর (IPL 2026 KKR vs GT)। শনিবার ইডেন গার্ডেন্সেও জয়ের ধারা বজায় রেখে ২৯ রানে ধরাশায়ী করে দিল প্রতিযোগিতার অত্যন্ত শক্তিশালী দল গুজরাট টাইটান্সকে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং— তিনটি বিভাগেই শক্তিশালী লেগেছে নাইট শিবিরকে। অধিনায়কের ভূমিকাতেও অজিঙ্ক রাহানে নিজের ছাপ ফেলেছেন। এক কথায় কেকেআর আজ প্রমাণ করে দিয়েছে, তারাও পারে। মরণ-বাঁচন ম্যাচ জিতে এখনও শেষ চারের আশা জিইয়ে রাখল তিন বারের আইপিএল বিজয়ী দল।

ফিন-গ্রীনের কামাল (IPL 2026 KKR vs GT)
এই দিন টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন প্রাক্তন নাইট ও গুজরাট টাইটান্সের অধিনায়ক শুভমান গিল। তারপরই শুরু হয় “দ্য ফিন অ্যালেন শো”। মাত্র ৩৫ বলে ৯৩ রানের এমন ইনিংস, যা যেকোনো শতরানের থেকেও কম কিছু নয়। ৪টি বাউন্ডারি, ১০টি গগনচুম্বী ছক্কার সাহায্যে তাঁর স্ট্রাইক রেট ২৬৫.৭১। এরপর ব্যাট হাতে দুর্দান্ত খেলেন আরেক তরুণ ব্যাটার অঙ্গকৃষ রঘুবংশী। তাঁর ৪৪ বলে ৮২ রান এবং অলরাউন্ডার ক্যামেরণ গ্রীনের ২৮ বলে ৫২ রানের চমকপ্রদ ইনিংসের সৌজন্যে কেকেআর পৌঁছে যায় ২৪৭ রানের পাহাড়প্রমাণ স্কোরে। গুজরাটের বোলিং ইউনিট কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেনি, সবাই ছাপ ফেলতে চূড়ান্ত ব্যর্থ।

গুজরাটের লড়াকু লড়াই, তবুও জয় অধরা (IPL 2026 KKR vs GT)
ইনিংসের শুরুতেই বিধ্বংসী সূচনা করেছিলেন সাই সুদর্শন ও শুভমান গিল। তারপরই সাই সুদর্শনের কনুইয়ে চোট লাগে। এর মধ্যেও লড়াই চালিয়ে যাচ্ছিলেন গিলরা। গিলের ৪৯ বলে ৮৫ রানের দুর্দান্ত ইনিংসের সুবাদে ম্যাচের মধ্যেই ছিল জিটি। কিন্তু ঠিক তারপরই বড় শট খেলতে গিয়ে আউট হয়ে যান অধিনায়ক গিল। স্পিনের জাদুকর সুনীল নারিনের বলে বাউন্ডারি লাইনে ম্যাচ ঘোরানো ক্যাচটি লুফে নেন অনুকূল রায়। বেশ ওখান থেকেই ম্যাচ কার্যত শেষ হয়ে যায়। পরে সাই সুদর্শন ব্যাটিংয়ে ফিরলেও ম্যাচ জেতাতে পারেননি। তাঁর ২৮ বলে ৫৩ রানের ইনিংস সত্যিই মনে রাখার মতো।
TMC leader arrest: রাজনৈতিক উত্তেজনার মাঝেই পুলিশের বড় সাফল্য@MamataOfficial @abhishekaitc @AITCofficial @SuvenduWB @BJP4Bengal @bengalliberty1 @WBPolice #westbengalcm #westbengal #westbengalnews #canning #westbengalpolice #tmcleaderarrest #bengalliberty pic.twitter.com/TAHph2T8Se
— Bengal Liberty (@bengalliberty1) May 16, 2026
জাদুকর নারিন (IPL 2026 KKR vs GT)
ফের বল হাতে ম্যাচের মোড় পুরোপুরি ঘুরিয়ে দিয়েছেন সুনীল নারিন। ৪ ওভার বল করে ২৯ রানে তুলে নেন দুটি গুরুত্বপূর্ণ উইকেট। ম্যাচের সেরাও জাদুকর নারিন শেষমেশ ২৯ রানে জয় তুলে নিল কেকেআর।

ম্যাচ জিতেও চিন্তা (IPL 2026 KKR vs GT)
ম্যাচ জিতেও চিন্তার শেষ নেই রাহানেদের। ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে মাথিশা পাথিরানাকে গুরু দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু ৮টি বল করার পরই হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে ফের ছিটকে গেলেন জুনিয়র মালিঙ্গা। শেষ চারে যাওয়ার জন্য মুম্বই ও দিল্লিকে হারাতেই হবে, তাহলে ১৫ পয়েন্টে পৌঁছাবে দল। এই মুহূর্তে সপ্তম স্থানেই রয়েছে কেকেআর।
ঘরের মাঠে শেষ দুটি গুরুত্বপূর্ণ ম্যাচে পারবে কি কেকেআর শেষ চারে জায়গা করে নিতে, নাকি হবে স্বপ্নভঙ্গ— তার উত্তর মিলবে খুব শীঘ্রই।
