Tmc councilor arrest
Bengal Liberty:
বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেফতার করা হল কোচবিহার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর উজ্জ্বল তরকে। কোচবিহার কোতোয়ালী থানার পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। (Tmc councilor arrest)
পুলিশ সূত্রে খবর, এলাকায় শান্তি ও শালীনতা বজায় রাখার স্বার্থে হুমকি ও অবমাননাকর আচরণের অভিযোগের ভিত্তিতেই এই গ্রেফতারি। এর আগেও কোচবিহার ১ ও ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি, দিনহাটা পুরসভার কর্মী এবং প্রাক্তন চেয়ারম্যানদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের ঘটনা সামনে এসেছে। এবার সেই তালিকায় যুক্ত হলেন এক পৌর কাউন্সিলরও।

শ্রীঘরে জোড়াফুলের পুর-প্রতিনিধি Tmc councilor arrest
ঘটনার সূত্রপাত নির্বাচনের আগের দিন সন্ধ্যায়। অভিযোগ, শহরের ২ নম্বর ওয়ার্ডে বিজেপির ওয়ার্ড সভাপতির বাড়িতে যান কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী রথীন্দ্র বোস। সেই সময় উজ্জ্বল তর অভিযোগ তোলেন, বিজেপি প্রার্থী এলাকায় টাকা বিলি করতে এসেছেন। এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, বিজেপি প্রার্থীকে ধাওয়া করে এলাকা ছাড়তে বাধ্য করা হয়। পরে নির্বাচন কমিশনের কাছেও প্রাণনাশের আশঙ্কার অভিযোগ জানান রথীন্দ্র বোস।
ছেলের গ্রেফতারি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন উজ্জ্বল তরের মা মিনা তর। তাঁর দাবি, “হঠাৎ করে বিশাল পুলিশ বাহিনী বাড়িতে আসে। কিছু বোঝার আগেই আমার ছেলেকে তুলে নিয়ে যাওয়া হয়। কেন নিয়ে যাওয়া হচ্ছে জানতে চাইলে থানায় যোগাযোগ করতে বলা হয়।”
এদিকে, ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কোচবিহার জেলা তৃণমূলের সহ-সভাপতি আব্দুল জলিল আহমেদ বলেন, “কী কারণে গ্রেফতার করা হয়েছে, তা এখনও পরিষ্কার নয়। শুনেছি নির্বাচনের আগের দিন বিজেপি প্রার্থীর সঙ্গে একটি বচসা হয়েছিল। সম্ভবত সেই কারণেই এই পদক্ষেপ। ক্ষমতায় থাকলে সবাই ক্ষমতার ব্যবহার করে।” অন্যদিকে বিজেপির জেলা সহ-সভাপতি বিরাজ বোস বলেন, “আইন আইনের পথেই চলবে। কেউ অন্যায় করলে তার শাস্তি হওয়াই স্বাভাবিক।”
