SIR related meeting
Bengal Liberty: ‘আর দেরি নয়, সাতদিনের মধ্যেই ভোটার ম্যাপিংয়ের কাজ শেষ করুন।’ বুধবার রাজ্য সিইও দফতরের বৈঠকে উত্তরবঙ্গের পাঁচ জেলা বাদে সমস্ত জেলাশাসক, ইআরও, এইআরও-দের তেমনটাই সাফ জানিয়ে দিলেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। ২০০২ সালের ভোটার তালিকার ওপর নির্ভর করে ২০২৫ সালের ভোটার তালিকার যাচাই করার কাজে দেরি হচ্ছে কেন? এদিনের বৈঠকে এই প্রশ্ন তোলেন ডেপুটি নির্বাচন কমিশনার। তার আগে জেলাশাসকদের কাছে ভোটার ম্যাপিংয়ের কাজের অগ্রগতি নিয়ে তথ্য নেন কমিশনের প্রতিনিধিরা।
তথ্য অনুযায়ী, সব জেলাতেই কমবেশি ৪০ শতাংশ কাজ এখনও অবধি শেষ হয়নি। রাজ্যের সিইও সহ জেলাশাসকরা পুজোর ছুটির প্রসঙ্গ তুললেও সেই বিষয়টি আমল দিতে নারাজ ডেপুটি নির্বাচন কমিশনার।
রাজ্যে এসআইআর প্রক্রিয়ার প্রস্তুতি সম্পন্ন করার জন্য সাতদিনের বেশি সময় দেওয়া যাবে না এই সিদ্ধান্ত জানিয়ে ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতীর বলেন, “এসআইআর গোটা দেশের জন্য। শুধু পশ্চিমবঙ্গের জন্য নয়। অন্যান্য রাজ্যে কাজ শেষ অথবা কোথাও কাজ শেষ পর্যায়ে। সেখানে এরাজ্য পিছিয়ে পড়লে কার্যত গোটা দেশে এসআইআর প্রক্রিয়া বাধা পাবে। তাই সাতদিনের বেশি সময় দেওয়া যাবে না।”

এসএইআর প্রক্রিয়ায় বুথ লেভেল অফিসারদের ভূমিকা, (SIR related meeting)
ভোটার তালিকা তৈরি থেকে তালিকার যাচাইকরনের কাজে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বুথ লেভেল অফিসার বা বিএলও -রা। সেই বিএলও-দের কাজকর্ম কেমন চলছে অথবা ভোটার তালিকা তৈরীর কাজের স্বচ্ছতা আনতে নির্বাচন কমিশন যে নয়া ডিজিটাইজড পদ্ধতি অবলম্বন করেছে সে ব্যাপারে তারা কতটা প্রশিক্ষিত তা এই বৈঠকে যাচাই করেন কমিশনের প্রতিনিধিরা। প্রসঙ্গ উঠেছে, বিএলওদের কাজে ইআরওনেট অ্যাপসের কার্যকারিতা নিয়ে। কমিশনের নির্দেশ অনুযায়ী যখনি বিএলএ নাম্বারেশন ফর্ম নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি যাচাই এর কাজ করতে যাবেন।ঘটনাস্থল থেকেই এই ইআরওনেট অ্যাপসে ভোটারের যাবতীয় তথ্য নথিভুক্ত করতে হবে। এই নির্দিষ্ট অ্যাপসের মাধ্যমে গোটা তথ্য নজরদারি করবে নির্বাচন কমিশন। সে ক্ষেত্রে এই নির্দিষ্ট প্রযুক্তি সম্বন্ধে বিএলও -রা কতটা ওয়াকিবহাল এদিনের বৈঠকে তা খতিয়ে দেখেন কমিশনের প্রতিনিধিদল।
কমিশন সূত্রে খবর, নির্বাচন কমিশনের তথ্যপ্রযুক্তি বিভাগের ডিজি সীমা খান্না বি এল ওদের সার্বিক কার্যকারিতা বিশেষ করে প্রযুক্তি নির্ভরতায় যথেষ্ট খুশি নন। অবিলম্বে এক্ষেত্রে উপযুক্ত প্রশিক্ষণের কাজ শেষ করতে হবে বলে নির্দেশ দিয়েছেন সীমা খান্না। নির্বাচন কমিশনের পরামর্শ, প্রয়োজনে বিএলওদের ক্লাসটার তৈরি করে যারা উপযুক্ত প্রশিক্ষণ পেয়েছেন তাদের দিয়ে তুলনায় কম প্রশিক্ষিত বিএল ওদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করতে হবে। এদিনের বৈঠকে ভোটার তালিকায় কারচুপির কথা ফের স্মরণ করিয়ে দেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। বিশেষ করে এসআইআর চলার সময় এ ধরনের কোন অভিযোগ পাওয়া গেলে সে ব্যাপারে কাউকে রেয়াত করা হবে না বলে স্পষ্ট জানিয়েছেন সিনিয়ার ডেপুটি নির্বাচন কমিশনার। ইতিমধ্যেই বিহারে এসআইআর বিজ্ঞপ্তি প্রকাশের পরবর্তী সময়ে এ ধরনের পদক্ষেপ করেছে নির্বাচন কমিশন। রাজ্য সিই ও দপ্তরে বৈঠক শেষ করে উত্তর চব্বিশ পরগনার রাজারহাটে জেলা পরিষদ ভবনের অডিটরিয়ামে রাজারহাট-গোপালপুর এবং রাজারহাট- নিউটাউন এই দুই বিধানসভার নির্বাচন কর্মীদের নিয়ে বৈঠক করেন কমিশনের প্রতিনিধিরা। এরপর উত্তর চব্বিশ পরগনা জেলাশাসকের দপ্তরেও জেলার সমস্ত ই-আরও এবং এইআরও দের নিয়ে বৈঠক করেন কমিশনের প্রতিনিধিরা। উল্লেখযোগ্য দুর্যোগ বিধ্বস্ত উত্তরবঙ্গের জেলাগুলিকে এদিনের বৈঠক থেকে বাদ রাখা হলেও, দুই দিনাজপুর ও মালদহ জেলা নির্বাচন আধিকারিকরা এদিনের ভিডিও কনফারেন্সে হাজির ছিলেন।
