Bulldozer Action
Bengal liberty desk, 26 মে, বার্ণপুর:
রাজ্যে নতুন সরকার গঠনের পর বেআইনি নির্মাণের বিরুদ্ধে যে অভিযান শুরু হয়েছে, এবার তার আঁচ পৌঁছাল পশ্চিম বর্ধমানে (Bulldozer Action)। মঙ্গলবার বার্নপুরে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের অধীনস্থ রাষ্ট্রায়ত্ত সংস্থা ইস্কো কর্তৃপক্ষের বুলডোজার গুঁড়িয়ে দিল তৃণমূলের একটি দলীয় কার্যালয়।

অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া দাওয়াই
আসানসোল পুরসভার ৯৮ নম্বর ওয়ার্ডের পুরপ্রতিনিধি ক্যাইকাসা রিয়াজ খুশির এই কার্যালয়টি ইস্কোর জমি দখল করে অবৈধভাবে তৈরি করা হয়েছিল বলে অভিযোগ। মঙ্গলবার সকালে বিশাল পুলিশ বাহিনী ও ইস্কো কর্তৃপক্ষের উপস্থিতিতে বুলডোজার চালিয়ে সেটি ভেঙে ফেলা হয়। শুধু তৃণমূলের কার্যালয়ই নয়, ইস্কো সূত্রে খবর, সিপিএমের এক প্রাক্তন পুরপ্রতিনিধির কার্যালয়সহ এলাকার আরও বেশ কিছু বেআইনি নির্মাণ এদিন উচ্ছেদ করা হয়েছে।

তৃণমূলের পাল্টা অভিযোগ:
দলের কার্যালয় ভাঙা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাঁদের দাবি, নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই বিজেপি ওই কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছিল। এবার ‘বিরোধী শক্তি’কে দুর্বল করতেই বুলডোজার চালানো হলো। তৃণমূলের আরও দাবি, ইস্পাত কারখানার জমি দখল করে আরও অনেকেই ব্যক্তিগত কাজ চালাচ্ছেন, কিন্তু বেছে বেছে শুধুমাত্র ঘাসফুল শিবিরের কার্যালয়টিকেই নিশানা করা হয়েছে।
অন্যদিকে, পুরপ্রতিনিধি ক্যাইকাসা রিয়াজ জানিয়েছেন, জনসেবার স্বার্থেই ওই অফিসটি করা হয়েছিল। তবে উন্নয়নের স্বার্থে তাঁরা কর্তৃপক্ষের কাজে বাধা দেবেন না।

