Mekhliganj News
Bengal Liberty: রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পর এবার পুরসভা ভাঙা শুরু হলো। তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন কোচবিহারের মেখলিগঞ্জ পুরসভার চেয়ারম্যান-সহ ৬ কাউন্সিলর। এর ফলে তৃণমূলের হাতছাড়া হলো এই পুরসভাটি। আজ, শুক্রবার কলকাতার প্রদেশ কংগ্রেস দফতর বিধান ভবনে এই দলবদল অনুষ্ঠান হয়।

কংগ্রেসের হাতে পুরসভার ক্ষমতা (Mekhliganj News)
মেখলিগঞ্জ পুরসভাটি বেশ ছোট, এখানে মোট ৯টি ওয়ার্ড রয়েছে। তার মধ্যে চেয়ারম্যান প্রভাত পাটনি-সহ ৬ জন কাউন্সিলর আজ তৃণমূল ছেড়েছেন। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের হাত থেকে তাঁরা দলীয় পতাকা তুলে নেন। এই দলবদলের ফলে ৯ সদস্যের পুরসভায় ৬ জন কাউন্সিলর নিয়ে মেখলিগঞ্জ এখন সম্পূর্ণভাবে কংগ্রেসের দখলে চলে গেল।

বদল হচ্ছে সমীকরণ
রাজ্যে ক্ষমতা বদলের পর থেকেই বিভিন্ন পুরসভায় পদত্যাগের হিড়িক লেগেছে। উত্তর ২৪ পরগনার বারাকপুর শিল্পাঞ্চলের একাধিক পুরসভাতেও একই পরিস্থিতি তৈরি হয়েছে। এই আবহে মেখলিগঞ্জের ঘটনা উত্তরবঙ্গের রাজনীতিতে বড়সড় চমক দিল। অনুষ্ঠানে শুভঙ্কর সরকার ছাড়াও উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা দেবপ্রসাদ রায় ও বিশ্বজিৎ সরকার।

