Sukhendu Sekhar Roy
Bengal Liberty, ৮ জুন :
শুধুমাত্র সময়ের অপেক্ষা করছিলেন! সময় আসতেই রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন সুখেন্দু শেখর রায় (Sukhendu Sekhar Roy)। দুর্নীতি, চরম নারী নির্যাতন ও শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, কর্মসংস্থান, আইনশৃঙ্খলাসহ সব বিষয়ে চরম নৈরাজ্যের অভিযোগ তুলে শুধুমাত্র সাংসদ পদ নয় পদত্যাগ করলেন তৃণমূল দল থেকেও। পদত্যাগ করা মাত্রই ক্ষোভ ঝড়ে পড়েছে তাঁর কণ্ঠে। “দীর্ঘদিন দলের অন্দরে কোণঠাসা ছিলাম”, বললেন সুখেন্দু। অভিমানী স্বরে তিনি বলেন, “ভোট বিপর্যয়ের কারণ অনুসন্ধান করেনি তৃণমূল, সবকিছুর অডিট হওয়া দরকার।” এর আগেও একাধিক অভিযোগ করেছেন তৃণমূলের বিরুদ্ধে। পদত্যাগ করে অভিযোগের বহর আরও বেড়েছে সুখেন্দু শেখরের গলায় (Sukhendu Sekhar Roy)।

পদত্যাগের পর কী বললেন সুখেন্দু? (Sukhendu Sekhar Roy)
রাজ্যসভায় সাংসদ পদ থেকে পদত্যাগ করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, তাঁর এই পদত্যাগ ছিল শুধুমাত্র সময়ের অপেক্ষা। সঠিক সময়ের অপেক্ষা করছিলেন তিনি। তারপরই তিনি দলের পরাজয় প্রসঙ্গে বলেন, “জন বিচ্ছিন্ন হয়ে গেছে তৃণমূল দল।” পাশাপশি তিনি আরও জানান, “ভোট বিপর্যয়ের কারণ অনুসন্ধান করেনি তৃণমূল, সবকিছুর অডিট হওয়া দরকার।” অপরদিকে আজ, সোমবার ইন্ডি জোটের বৈঠক। তার আগেই বিস্ফোরক মন্তব্য করেন সুখেন্দু। তিনি বলেন, “সিপিএমকে সরানোর কর্মসূচি থাকলেও আদর্শ ছিল না তৃণমূলের, তৃণমূল কখনও কংগ্রেসের আদর্শ ছিল না।” দীর্ঘদিন ধরে দলের অন্দরে কোনঠাসা ছিলেন বলেই জানান তিনি। অতঃপর তাঁর এই কঠোর সিদ্ধান্ত।

ইস্তফা পত্রে একাধিক অভিযোগ করেন (Sukhendu Sekhar Roy)
পদত্যাগপত্রে সুখেন্দু দাবি করেছেন, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের ফলাফল রাজ্যের মানুষের স্পষ্ট রাজনৈতিক বার্তা। তাঁর বক্তব্য, দীর্ঘ ১৫ বছর ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে বেলাগাম দুর্নীতি, নারী নির্যাতন, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার অবনতি, শিল্পোন্নয়নের অভাব, কর্মসংস্থানের সংকট এবং আইনশৃঙ্খলার অবনতির মতো একাধিক ইস্যুতে জনগণ অনাস্থা প্রকাশ করেছেন। নির্বাচনে সেই ক্ষোভেরই প্রতিফলন ঘটেছে বলে তিনি উল্লেখ করেন। পদত্যাগপত্রে তিনি আরও বলেন, জনগণ পরিবর্তনের পক্ষে রায় দিয়ে নতুন সরকারকে দায়িত্ব দিয়েছে। নবনির্বাচিত সরকার তাদের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্যের উন্নয়ন ও পুনর্গঠনের লক্ষ্যে কাজ শুরু করেছে। এই পরিস্থিতিতে জনমতের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি তৃণমূল কংগ্রেসের প্রাথমিক সদস্যপদের পাশাপাশি রাজ্যসভার সাংসদ পদ থেকেও পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন বলে চিঠিতে উল্লেখ করেছেন।


