Bengal Liberty, ৯ জুন :
কোথায় অরূপ বিশ্বাস? দুবাই পালিয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী? সোমবার, কলকাতা হাইকোর্টে আইনি সুরক্ষাকবচ চেয়ে আবেদন করলেও স্বস্তি পাননি রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas)। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সমনে সাড়া দেননি। অথচ মেডিক্যাল নথিও জমা দেননি। তারই মধ্যে হঠাৎ করেই উবে গেলেন অরূপ। ফোনের টাওয়ার লোকেশন গায়েব, ট্রেস করা যায়নি বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, আদালত থেকেও কোনও অন্তর্বর্তী সুরক্ষা না পাওয়ায় দুবাই পালিয়েছেন তিনি। সূত্রের আরও খবর দুবাইতে একটি সম্পত্তি আছে প্রাক্তন মন্ত্রীর। সম্ভবত সেখানেই গা ঢাকা দিয়েছেন তিনি! ইতিমধ্যেই সোমবার থেকেই তাঁকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। গোটা বিষয়টি আদালতের নজরে আনা হবে বলে পুলিশ সূত্রে খবর (Aroop Biswas)।

সোমবার থেকে নিখোঁজ অরূপ (Aroop Biswas)
মেসি-কাণ্ডে তদন্তের চাপের মধ্যেই গ্রেফতারি এড়াতে আইনি সুরক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। তাঁর আইনজীবী কিশোর দত্ত জরুরি ভিত্তিতে মামলার শুনানি এবং গ্রেফতারি থেকে অন্তর্বর্তী সুরক্ষার আবেদন জানালেও বিচারপতি সৌগত ভট্টাচার্য সেই আবেদন গ্রহণ করেননি। ফলে আদালত থেকে কোনও রকম রক্ষাকবচ পাননি প্রাক্তন মন্ত্রী। এরপর ওইদিন দুপুরে তদন্তের স্বার্থে নিউ আলিপুরের সাহাপুরে অরূপ বিশ্বাসের আবাসনে পৌঁছয় পুলিশ। সঙ্গে নিয়ে যাওয়া হয় ইতিমধ্যেই গ্রেফতার হওয়া তাঁর ভাই স্বরূপ বিশ্বাসকে। কয়েক ঘণ্টা ধরে আবাসনে তল্লাশি চালানো হলেও অরূপ বিশ্বাসের কোনও খোঁজ মেলেনি। পুলিশ সূত্রে খবর, তল্লাশি শেষে তাঁর অবস্থান জানতে একাধিক সূত্রে অনুসন্ধান শুরু হয়েছে। বর্তমানে অরূপ বিশ্বাসের অবস্থান ঘিরে ক্রমশ ঘোলা জলে হাতড়াচ্ছে।

মেসি-কাণ্ডে হাজিরা এড়ালেন অরূপ (Aroop Biswas)
মেসিকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিতে আরও ২ সপ্তাহ সময় চেয়েছিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তবে সেই আবেদন নাকচ করে দেয় বিধাননগর পুলিশ। অরূপ বিশ্বাসের বাড়িতে টাঙিয়ে দেওয়া ২ টি নোটিসে স্পষ্ট জানানো হয়েছিল, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি হাজিরা এড়াতে চাইলেও কোনও মেডিক্যাল নথি বা রিপোর্ট জমা দেননি। ফলে তাঁর অসুস্থতার দাবিকে গ্রহণ করা সম্ভব নয়। সেই কারণেই তাঁকে সোমবার বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু এখনও পর্যন্ত থানায় হাজিরা দেননি অরূপ বিশ্বাস। আদালত থেকেও কোনও অন্তর্বর্তী সুরক্ষা পাননি। তারই মধ্যে হঠাৎ গায়েব হয়ে যাওয়ায় জল্পনা এখন তুঙ্গে। সত্যি সত্যিই দুবাইতে অরূপ গা ঢাকা দিয়েছে কিনা উত্তর দেবে সময়।
আরও খবর



