Bengal Liberty, ১২ জুন :
কল্যাণের তেতো কথায় অভিষেকের মধুর প্রলেপ! তৃণমূল কংগ্রেসের অন্দরে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি(Abhisekh Banerjee)। তারই মধ্যে কল্যাণের কড়া সমালোচনার জবাব দিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে পাল্টা আক্রমণের পথে না হেঁটে বরং সংযত ও মর্যাদাপূর্ণ অবস্থানই নিলেন তিনি। শুক্রবার কালীঘাটের বাড়ির সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক স্পষ্ট জানিয়ে দেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তাঁর সম্পর্কে মত প্রকাশের পূর্ণ অধিকার রয়েছে। একই সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কথা উল্লেখ করে প্রবীণ সাংসদের প্রতি নিজের শ্রদ্ধা ও সম্মানের কথাও তুলে ধরেন তিনি। দলের অভ্যন্তরীণ সংকটের আবহে সংঘাত প্রশমনের চেষ্টা করছেন খোকবাবু?

‘উনি আমাকে ছোট থেকে মানুষ করেছেন’, অভিষেকের বার্তা
প্রসঙ্গত, বৃহস্পতিবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত ফাইনাল কল নেওয়ার বার্তা দিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য ছিল, মমতাকে অভিষেক ও তাঁর মধ্যে কাউকে একজনকে বেছে নিতে হবে। একই সঙ্গে তিনি অভিযোগ করেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের কারণেই দলের ক্ষতি হয়েছে। এমনকি অভিষেককে সঙ্গে নিয়ে দল চালাতে হলে তাঁর আর প্রয়োজন নেই বলেও মন্তব্য করেছিলেন শ্রীরামপুরের সাংসদ।

সেই বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে অভিষেক বললেন, “কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অধিকার রয়েছে আমাকে নিয়ে কথা বলার। উনি আমায় ছোট থেকে মানুষ করেছেন, বড় হতে দেখেছেন। আমি কথাগুলো খারাপভাবে নিই না। কোনও একটা ঘটনায় ওঁর খারাপ লাগতে পারে, তাই হয়তো বলেছেন।” এখানেই থেমে না থেকে তিনি আরও বলেন, “আমি তাঁকে সম্মান করতাম, আগামী দিনেও করব।” কল্যাণের তেতো কথায় অভিষেকের মধুর প্রলেপ কি কাজ করবে? নাকি কল্যাণ তাঁর অবস্থানেই অনড় থাকবেন? অভিষেকের কোথায় কল্যাণের পাহাড় প্রমাণ বরফ গলে কিনা সেটাই দেখার।


