Weather Alert
Bengal Liberty, ১৩ জুন :
অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা পশ্চিমবঙ্গের অধিকাংশ এলাকায় প্রবেশ করেছে (Weather Alert )। এর জেরে রাজ্যের আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির তীব্রতা বাড়বে বলে পূর্বাভাস। একই সঙ্গে উত্তরবঙ্গের পাহাড় ও ডুয়ার্সেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় সতর্কতা জারি করা হয়েছে। ফলে সপ্তাহান্তে ভিজতে চলেছে গোটা বাংলা (Weather Alert )।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Alert )
আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, শনিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, কলকাতা, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি এবং পশ্চিম মেদিনীপুর জেলায় বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়াও বইতে পারে। আবহাওয়াবিদদের মতে, মৌসুমি বায়ুর অগ্রগতির ফলেই এই বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ১২ জুন আরও অগ্রসর হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের সমগ্র অংশ, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের কিছু অংশ, পশ্চিমবঙ্গের অধিকাংশ এলাকা, বিহারের বিস্তীর্ণ অঞ্চল এবং ওডিশা ও ঝাড়খণ্ডের কিছু অংশে পৌঁছে গিয়েছে। যদিও কলকাতায় আনুষ্ঠানিকভাবে বর্ষা প্রবেশের ঘোষণা এখনও করা হয়নি, তবুও শহর ও সংলগ্ন এলাকায় বর্ষাসুলভ আবহাওয়া ইতিমধ্যেই অনুভূত হচ্ছে।

উত্তরবঙ্গের আবহাওয়া (Weather Alert )

উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির দাপট অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। শনিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
শুধু বৃষ্টি নয়, বজ্রবিদ্যুৎ-সহ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে পূর্বাভাস। ফলে পাহাড় ও ডুয়ার্স অঞ্চলে বসবাসকারী মানুষদের প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়াবিদদের মতে, আগামী কয়েকদিন রাজ্যের বেশিরভাগ জেলাতেই বর্ষার প্রভাব আরও স্পষ্ট হতে পারে।



