Kalyan Banerjee
Bengal Liberty: তৃণমূল কংগ্রেসের অন্দরের গোষ্ঠীদ্বন্দ্ব ফের প্রকাশ্যে। এবার মুখোমুখি শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং চণ্ডীতলার বিধায়ক স্বাতী খন্দকার (Kalyan Banerjee)। একুশে জুলাইয়ের প্রস্তুতি সভার মঞ্চ থেকেই স্বাতীকে তীব্র ভাষায় আক্রমণ করেন কল্যাণ। এর পাল্টা জবাবে সাংসদের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ আনেন স্বাতী। রাজনৈতিক মহলে এই ঘটনাকে ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

‘নিজের কৃতিত্ব নেই’—কল্যাণের কটাক্ষ (Kalyan Banerjee)
শনিবার হুগলির চুঁচুড়ায় জেলা সভাপতি অসিত মজুমদার-এর ডাকা একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় বক্তব্য রাখতে গিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, প্রয়াত আকবর আলি খন্দকার-এর মৃত্যুর পর তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই স্বাতী খন্দকার রাজনীতিতে প্রতিষ্ঠা পেয়েছেন বলে দাবি করেন তিনি। পাশাপাশি তাঁর বক্তব্য, স্বাতীর নিজস্ব কোনও রাজনৈতিক কৃতিত্ব নেই। তিনি আরও অভিযোগ করেন, স্বাতী এখন বিদ্রোহী শিবিরের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-এর ঘনিষ্ঠ হয়ে পড়েছেন এবং কর্মীদের ফোন করে সভায় না যাওয়ার হুমকি দিচ্ছেন। এমনকি চণ্ডীতলায় তাঁকে ঢুকতে দেবেন না বলেও হুঁশিয়ারি দেন সাংসদ।
কল্যাণের এই বক্তব্যের পরই পাল্টা আক্রমণে নামেন স্বাতী খন্দকার। তিনি স্পষ্ট জানান, তিনি এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে বিশ্বাসী এবং তাঁর সঙ্গেই রয়েছেন। পা ভাঙা থাকায় তিনি প্রস্তুতি সভায় উপস্থিত থাকতে পারেননি বলেও জানান। তাঁর দাবি, আকবর আলি খন্দকারের নাম ভাঙিয়ে তিনি রাজনীতি করেননি; বরং তাঁদের পরিবার দীর্ঘদিনের কংগ্রেসপন্থী হওয়ায় রাজনৈতিক শিক্ষাও সেখান থেকেই এসেছে।

‘আগে নিজেকে ঠিক করুন’ স্বাতীর জবাব (Kalyan Banerjee)
স্বাতী আরও অভিযোগ করেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে দলকে ব্ল্যাকমেল করেছেন এবং চণ্ডীতলার সংগঠনকে ইচ্ছাকৃতভাবে দু’ভাগ করেছেন। নিজের ছেলেকে টিকিট পাইয়ে দিতে গিয়ে অন্য নেতাদের বঞ্চিত করার অভিযোগও তোলেন তিনি। তাঁর দাবি, চণ্ডীতলার জন্য প্রস্তাবিত সুপার স্পেশালিটি হাসপাতালও শ্রীরামপুরে সরিয়ে নেওয়া হয়েছে। এমনকি পা ভাঙার পর এতদিনেও সাংসদ একবারও তাঁর খোঁজ নেননি বলেও ক্ষোভ প্রকাশ করেন স্বাতী।
বিধায়কের আরও অভিযোগ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আচরণেই দলের একাধিক সাংসদ দল ছেড়েছেন। এখন একইভাবে বিধায়কদেরও কোণঠাসা করার চেষ্টা চলছে। তাঁর কথায়, “উনি আগে নিজেকে ঠিক করুন, তারপর অন্যদের বিচার করুন।”



