Anubrata Mondal
Bengal Liberty:
ভোট-পরবর্তী হিংসা ও লুঠের অভিযোগে গ্রেফতারের আশঙ্কায় এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। সিউড়ি জেলা আদালতে তাঁর আগাম জামিনের আবেদন খারিজ হওয়ার পর নতুন করে আইনি লড়াই শুরু করেছেন তিনি। নিম্ন আদালতের ওই রায়ের পর গ্রেফতারের সম্ভাবনা তৈরি হওয়ায় এখন হাইকোর্টের সিদ্ধান্তের দিকেই নজর রাজনৈতিক মহলের।

আগাম হাইকোর্টের দ্বারস্থ কেষ্ট
২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর সংঘটিত হিংসার ঘটনায় অনুব্রত মণ্ডল-সহ ১৩ জনের বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ব্যবসায়ী শুভেন্দুবিকাশ মণ্ডল। অভিযোগে তিনি দাবি করেন, তৎকালীন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের নির্দেশে তাঁর ইটভাটায় হামলা চালিয়ে প্রায় ৩০ লক্ষ টাকার ইট লুঠ করা হয়। বোমা ও আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে এই লুঠপাট চালানো হয়েছিল বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগকারী আরও দাবি করেন, ওই ঘটনার পর প্রাণভয়ে তাঁকে ব্যবসা বন্ধ করে এলাকা ছাড়তে বাধ্য হতে হয়েছিল। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে শান্তিনিকেতন থানার পুলিশ এবং মামলায় অনুব্রত মণ্ডল-সহ মোট ১৩ জনকে অভিযুক্ত করা হয়।
গ্রেফতারের আশঙ্কায় অনুব্রত মণ্ডল প্রথমে সিউড়ি জেলা আদালতে আগাম জামিনের আবেদন করেন। তবে নিম্ন আদালত সেই আবেদন খারিজ করে দেয়। এরপর বুধবার তিনি কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছেন। জানা গিয়েছে, খুব শীঘ্রই মামলার শুনানি হতে পারে।


