Baruipur News
Bengal Liberty:
বারুইপুর একের পর এক অপরাধে উত্তপ্ত । পালপাড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে বিবাদের জেরে দশম শ্রেণির ছাত্র তথা ফুটবলার প্রসেনজিৎ বিশ্বাস খুনের অভিযোগ উঠেছে। সূত্রের খবর, কয়েকদিন আগের বিবাদের বদলা নিতেই প্রসেনজিৎ ও তাঁর এক বন্ধুকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে হামলা করা হয়। গুরুতর আহত অবস্থায় দু’জনকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে প্রসেনজিৎকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনার জেরে হাসপাতালে ভাঙচুর ও কুলপি রোড অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

একের পর এক নৃশংসতা
এদিকে, রবিবার যে পুকুর থেকে ১২ বছরের নাবালিকার দেহ উদ্ধার হয়েছিল, সোমবার সেই একই পুকুর থেকে উদ্ধার হয়েছে কৃষ্ণকান্ত হালদার নামে এক ব্যক্তির দেহ। তিনি গত শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন বলে পুলিশ জানিয়েছে। দুই ঘটনার মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

অন্যদিকে, নাবালিকা গণধর্ষণ ও খুনের মামলায় ভারতীয় ন্যায় সংহিতার খুন ও গণধর্ষণের ধারা যুক্ত করা হয়েছে। এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। আদালতের নির্দেশে ধৃতদের ২০ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে রাখা হয়েছে। মামলার তদন্ত চলছে। অপরাধমূলক কাজে পরিপূর্ণ বারুইপুর এলাকা। একের পর এক মর্মান্তিক পরিস্থিতির স্বীকার হচ্ছে এলাকা। এবার পরিণতি কোন দিকে যায়, সেদিকেই নজর।

