Baruipur News
Bengal Liberty:
বারুইপুরে ১২ বছরের এক নাবালিকার নৃশংস হত্যাকাণ্ড ঘিরে যখন রাজ্যজুড়ে ক্ষোভ ও শোকের আবহ, তখন মঙ্গলবার সকালে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছে রাজ্য বিজেপির একটি প্রতিনিধি দল। দলীয় সূত্রে খবর, মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় প্রতিনিধি দলটি বারুইপুরে পৌঁছে নিহতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবে এবং তাদের পাশে থাকার বার্তা দেবে। এই প্রতিনিধি দলে থাকছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল এবং ফাল্গুনী পাত্র।

প্রসঙ্গত, শনিবার থেকে নিখোঁজ থাকা ওই ১২ বছরের নাবালিকার ক্ষতবিক্ষত দেহ রবিবার সকালে বারুইপুরের একটি পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং ঘটনায় একাধিক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এই নৃশংস হত্যাকাণ্ডের জেরে রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। সেই আবহেই এবার সরাসরি নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়াতে যাচ্ছে রাজ্য বিজেপির প্রতিনিধি দল।

