Mamata Banerjee
Bengal Liberty:
বারুইপুর কাণ্ডের প্রতিবাদে কালীঘাট তৃণমূলের ডাকা মিছিল ঘিরে বুধবার উত্তপ্ত হয়ে উঠল হাজরা (TMC Rally)। হাইকোর্টের শর্ত মেনেই মিছিলটি শুরু হয়েছিল। তবে মিছিল চলাকালীন স্লোগান ও পাল্টা স্লোগানে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। সব মিলিয়ে, বারুইপুরের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতি বেশ সরগরম।

স্লোগান–পাল্টা স্লোগান TMC Rally
এ দিন বালিগঞ্জ ফাঁড়ি থেকে প্রতিবাদ মিছিল শুরু হলেও কিছু দূর যাওয়ার পর তা কার্যত বিক্ষোভের রূপ নেয়। রাস্তার দু’পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের মধ্য থেকে ‘চোর চোর’ স্লোগান উঠতে শুরু করে। অনেকেই প্রশ্ন তোলেন, “আরজি করের সময় তৃণমূলের কর্মীরা নীরব ছিলেন কেন? আজ বারুইপুর কাণ্ডে তাঁরা পথে নেমেছেন, কিন্তু সে দিন মুখ খোলেননি কেন?” সে দিন শাসকদলের সকলেই মৌন ছিলেন বলে আমজনতার অভিযোগ। অন্য দিকে, তৃণমূলের মিছিলে অংশগ্রহণকারীদের এ বিষয়ে প্রশ্ন করা হলে তাঁরা সদুত্তর দিতে পারেননি। তাঁদের মুখে একটাই চেনা উত্তর ছিল, “বারুইপুরে ধর্ষণ হয়েছে, আমরা তারই প্রতিবাদে পথে নেমেছি।” এমনকি, তীব্র প্রতিবাদের এই মিছিলেও ক্যামেরার সামনে অনেককেই হাসিমুখে পোজ দিতে দেখা যায়।
তৃণমূলের ভূমিকা নিয়ে প্রশ্ন
বারুইপুরের এই নৃশংস ঘটনাটি রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে পুনরায় বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে। অথচ, এমন একটি স্পর্শকাতর ইস্যুর মিছিলেও হাসিমুখে হাঁটতে দেখা গেল বহু তৃণমূল কর্মীকে। এই মিছিলে আরজি কর, হাঁসখালি, কামদুনি বা পার্ক স্ট্রিটের মতো হাড়হিম করা ঘটনাগুলো নিয়ে তৃণমূল কর্মীদের একটি শব্দও খরচ করতে দেখা যায়নি। উল্লেখ্য, তৃণমূল ক্ষমতায় থাকার সময় রাজ্যে একাধিক ধর্ষণের ঘটনা ঘটেছিল। পার্ক স্ট্রিটের ঘটনাকে ‘সাজানো ঘটনা’, কামদুনির প্রতিবাদীদের ‘মাওবাদী’ আখ্যা দেওয়া কিংবা হাঁসখালির ঘটনাকে ‘প্রেমের সম্পর্ক’ বলে এড়িয়ে যাওয়ার মতো অভিযোগ উঠেছিল তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এমনকি আরজি করের ঘটনায় নির্যাতিতার পরিবারকে টাকার বিনিময়ে মুখ বন্ধ করানোর চেষ্টা এবং দুর্গাপুরে মহিলা চিকিৎসক নিগ্রহের ঘটনায় নারীদের রাতে বেরোনো নিয়ে মন্তব্য ঘিরেও তীব্র বিতর্ক হয়েছিল।
অথচ রাজ্যে সরকার বদল হতেই নারী নিরাপত্তা নিয়ে সরব হলেন তৃণমূল নেত্রী। বিগত পনেরো বছর ধরে একাধিক নারী নির্যাতনের ঘটনায় চুপ থেকে আজ বারুইপুরের ঘটনায় তাঁদের এই অতিসক্রিয়তা ও মিছিলের আয়োজন নিয়ে রাজনৈতিক মহলে তুমুল চর্চা শুরু হয়েছে।

