Sweety Bibi
Bengal Liberty: দীর্ঘ এক বছরের আইনি লড়াইয়ের পর অবশেষে দুই নাবালক সন্তানকে নিয়ে নিজের দেশে ফিরলেন বীরভূমের পাইকর গ্রামের বাসিন্দা সুইটি বিবি। বুধবার দুপুরে মালদহের মহদিপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন তিনি-সহ মোট চারজন। দীর্ঘ সময় পর ঘরের মেয়ে এবং নাতিদের ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছে পরিবার।

কী ঘটেছিল এক বছর আগে? (Sweety Bibi)
অভিযোগ, গত বছর জুন মাসে দিল্লি পুলিশ সুইটি বিবিদের আটক করে। এরপর তাঁদের অসম সীমান্ত দিয়ে জোরপূর্বক বাংলাদেশে ‘পুশব্যাক’ করে দেওয়া হয়। সেখানে অনুপ্রবেশের দায়ে বাংলাদেশের জেলে বন্দি থাকতে হয় তাঁদের।এই বেআইনি পুশব্যাকের বিরুদ্ধে প্রথমে কলকাতা হাইকোর্ট এবং পরবর্তীতে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়। শীর্ষ আদালতের হস্তক্ষেপে অবশেষে তাঁদের দেশে ফেরার পথ সুগম হয়।

কারা ফিরলেন এদিন? (Sweety Bibi)
বুধবার সুইটি বিবির পাশাপাশি তাঁর দুই নাবালক সন্তান এবং বীরভূমেরই সুনালী বিবির স্বামী দানেশ শেখ দেশে ফিরেছেন।উল্লেখ্য, গত বছর ডিসেম্বর মাসেই দীর্ঘ আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফিরে এসেছিলেন সুনালী বিবি। এ দিন তাঁর স্বামীও ফিরে আসায় পরিবারে খুশির হাওয়া।
দীর্ঘ এক বছরের যন্ত্রণাময় বন্দিদশা এবং আইনি জটিলতা কাটিয়ে পরিজনদের কাছে ফিরে আসায় আপাতত স্বস্তিতে বীরভূমের পাইকর গ্রামের এই পরিবারগুলো।

