Bulldozer Action
Bengal Liberty:
হাওড়া ময়দান এলাকায় ফের বুলডোজার অভিযান চালাল প্রশাসন (Howrah Maidan)। বুধবার দুপুরে হাওড়া জেলা হাসপাতালের সামনে বিপ্লবী হরেন ঘোষ সরণির দু’পাশে গড়ে ওঠা অন্তত ৩০টি বেআইনি দোকান ভেঙে ফেলা হয়। উচ্ছেদ অভিযান ঘিরে এলাকায় সাময়িক উত্তেজনা ছড়ালেও, বিপুল পুলিশবাহিনী ও কমব্যাট ফোর্স মোতায়েন থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে। অভিযান চলাকালীন ব্যস্ত ওই রাস্তায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। প্রশাসনের দাবি, কয়েক দিন আগেই সংশ্লিষ্ট দোকান মালিকদের জায়গা খালি করার নোটিস দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তাঁরা দোকান না সরানোয়, এদিন এই উচ্ছেদ অভিযান চালানো হয়।

ভাঙা হল ৩০টি বেআইনি দোকান
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দায়িত্ব গ্রহণের পর থেকেই বেআইনি নির্মাণ এবং সরকারি জমি দখল করে গড়ে ওঠা ব্যবসার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে। সেই নীতির অংশ হিসেবেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ধারাবাহিকভাবে উচ্ছেদ অভিযান চলছে।
এর আগে কলকাতার একাধিক এলাকায় সরকারি ও রেলের জমি দখল করে তৈরি হওয়া বেআইনি নির্মাণে বুলডোজার চালানো হয়েছে। রেলের জমি দখলমুক্ত করতে শিয়ালদহ, দমদম-সহ একাধিক গুরুত্বপূর্ণ স্টেশন চত্বরে উচ্ছেদ অভিযান চালিয়ে অবৈধ দখল সরানো হয়েছে। প্রশাসনের দাবি, সরকারি জমি দখলমুক্ত করে সাধারণ মানুষের চলাচল সহজ করা এবং নগর পরিকাঠামো উন্নত করাই এই অভিযানের মূল লক্ষ্য।

সরকারি সূত্রের খবর, ভবিষ্যতেও রাজ্যের বিভিন্ন এলাকায় সরকারি জমি দখল করে গড়ে ওঠা বেআইনি নির্মাণের বিরুদ্ধে একইভাবে অভিযান চলবে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

