Abhisekh Banerjee
Bengal Liberty:
ডিজে মামলায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের প্রক্রিয়া ঘিরে নতুন জটিলতা তৈরি হয়েছে। আদালতের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও বুধবার বিধাননগর এসিজেএম (Abhisekh Banerjee) আদালতে হাজির হননি তিনি। পরপর দু’বার অনুপস্থিত থাকায় আদালতের নির্দেশ অবমাননার অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন অভিযোগকারী পক্ষের আইনজীবী।

বিধাননগর এসিজেএম আদালত বুধবার সকাল ১০টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আদালতে সশরীরে হাজির হয়ে কণ্ঠস্বরের নমুনা দেওয়ার নির্দেশ দিয়েছিল। এর আগে এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। তবে হাইকোর্ট নিম্ন আদালতের নির্দেশই বহাল রাখে। সেই অনুযায়ী বুধবার আদালতে উপস্থিত হয়ে তাঁর নমুনা দেওয়ার কথা থাকলেও, নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও তিনি হাজিরা দেননি। অন্যদিকে, সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় এবং তদন্তকারী সিআইডি (CID) আধিকারিকরা যথাসময়ে আদালতে উপস্থিত ছিলেন।
আইনজীবীদের বক্তব্য Abhisekh Banerjee
আদালতে অভিযোগকারীর আইনজীবী রাজদীপ মজুমদার জানান, আগের নির্ধারিত দিনেও অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজির হননি এবং বুধবারও তিনি অনুপস্থিত রইলেন। তাঁর অভিযোগ, বারবার আদালতের নির্দেশ অমান্য করা হচ্ছে। তাই সাংসদের বিরুদ্ধে প্রয়োজনীয় ও কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি। অভিষেকের এই অনুপস্থিতির পর মামলার পরবর্তী শুনানিতে তাঁকে ফের আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে এসিজেএম আদালত। আগামী ১৮ জুলাই সকাল ১০টায় আদালতে উপস্থিত হয়ে তাঁকে কণ্ঠস্বরের নমুনা দিতে হবে। এই নিয়ে তৃতীয়বার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরার নির্দেশ দিল আদালত। এখন দেখার, তৃতীয়বারের তলবে তিনি আদালতে হাজিরা দেন কি না।

