Rahul Arunoday Banerjee
Bengal Liberty:
শুটিং চলাকালীন দুর্ঘটনা বা হঠাৎ অসুস্থতার মতো ঘটনা বহুবার ঘটেছে। একাধিক শিল্পী প্রাণ হারিয়েছেন অভিনয় চলাকালীন (Rahul Arunoday Banerjee)। এই পরিস্থিতিতে শিল্পীদের দ্রুত চিকিৎসা পরিষেবা নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিল আর্টিস্ট ফোরাম। প্রয়াত অভিনেতা রাহুলের স্মৃতিতে চালু করা হচ্ছে বিশেষ স্বাস্থ্যবিমা পরিষেবা ‘অরুণোদয় হেলথ কার্ড’ ।

অরুণোদয় হেলথ কার্ডের আনুষ্ঠানিক ঘোষণা Rahul Arunoday Banerjee
তালসারিতে ধারাবাহিক ‘ভোলেবাবা পার করেগা’-র শুটিংয়ের সময় সমুদ্রে তলিয়ে মৃত্যু হয়েছিল রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। সেই মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি যেন আর না হয়, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নিয়েছে সংগঠন। আর্টিস্ট ফোরামের বক্তব্য, শুটিং সেটে কোনও অভিনেতা দুর্ঘটনার শিকার হলে বা হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে এই স্বাস্থ্যকার্ডের মাধ্যমে দ্রুত চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে। সম্প্রতি একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপ্তিতে আনুষ্ঠানিকভাবে ‘অরুণোদয় হেলথ কার্ড’-এর ঘোষণা করা হয়। সংগঠনের দাবি, এটি শুধু একটি স্বাস্থ্যসুরক্ষা প্রকল্প নয়, প্রয়াত রাহুলকে স্মরণে রাখারও এক বিশেষ প্রয়াস টলিউডে বলে জানা গিয়েছে।

এই কার্ডের মাধ্যমে শিল্পীরা একটি নির্দিষ্ট প্রথম সারির হাসপাতাল থেকে বিভিন্ন ধরনের চিকিৎসা সুবিধা পাবেন। গুরুতর অসুস্থতা, স্নায়ুসংক্রান্ত সমস্যা কিংবা শুটিং চলাকালীন দুর্ঘটনার ক্ষেত্রে হাসপাতালে ভর্তি, চিকিৎসকের পরামর্শ, প্রয়োজনীয় চিকিৎসা এবং সেটেই প্রাথমিক চিকিৎসার সুবিধাও মিলবে। পাশাপাশি চিকিৎসা পরিষেবায় বিশেষ ছাড়ের ব্যবস্থাও থাকবে। শুধু শিল্পীরাই নন, এই কার্ডের আওতায় তাঁদের পরিবারের অসুস্থ সদস্যরাও চিকিৎসা পরিষেবার সুবিধা পাবেন। ভবিষ্যতে এই প্রকল্পে আরও বিভিন্ন সুযোগ-সুবিধা যুক্ত করার পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছে আর্টিস্ট ফোরাম।

