Kolkata High Court
Bengal Liberty: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর (FIR)-এর সংখ্যা নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এই মামলার শুনানিতে রাজ্যের ডিজিপি (DGP)-কে অভিষেকের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত এফআইআর-এর তালিকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী বুধবার, মামলার পরবর্তী শুনানির দিন এই রিপোর্ট আদালতে পেশ করতে হবে।

অভিষেকের বিরুদ্ধে মামলার খতিয়ান (Kolkata High Court)
মামলার শুনানিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আইনজীবী গোপাল শংকর নারায়ণ এবং অয়ন ভট্টাচার্য দাবি করেন, তিনি একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়ায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের করা হচ্ছে (Kolkata High Court)। তাঁদের বক্তব্য, এখনও পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে অন্তত আটটি এফআইআর দায়ের হয়েছে বলে জানা গিয়েছে। তবে এর বাইরে আরও কোনও মামলা দায়ের হয়েছে কি না, সে বিষয়ে স্পষ্ট তথ্য তাঁদের কাছে নেই। সেই কারণেই তাঁরা আদালতের হস্তক্ষেপ দাবি করেন।

যাচাই হবে মামলাগুলির সত্যতা (Kolkata High Court)
অন্যদিকে, রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল আদালতে জানান, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তাঁর বক্তব্য, প্রতিটি ক্ষেত্রে নির্দিষ্ট সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই পুলিশ আইনানুগ পদক্ষেপ করেছে। কোনও ব্যক্তিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিশানা করা হচ্ছে না। তিনি আরও জানান, সংশ্লিষ্ট পুলিশ স্টেশনগুলি থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের প্রক্রিয়া চলছে এবং তা দ্রুত আদালতে পেশ করা হবে।

শুনানি চলাকালীন বিচারপতি সৌগত ভট্টাচার্য জানতে চান, রাজ্য ঠিক কী ধরনের রিপোর্ট জমা দিতে চলেছে। এরপরই তিনি নির্দেশ দেন, শুধু মামলার অগ্রগতির রিপোর্ট নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে বর্তমানে মোট কতগুলি এফআইআর নথিভুক্ত হয়েছে, তার পূর্ণাঙ্গ তালিকাও আগামী বুধবার আদালতে জমা দিতে হবে।
প্রসঙ্গত, সম্প্রতি হাইকোর্টের কড়া নির্দেশের পর নির্বাচনী প্রচার চলাকালীন করা ‘ডিজে’ সংক্রান্ত মন্তব্য মামলার প্রেক্ষিতে বিধাননগর মহকুমা আদালতে হাজির হয়ে ভয়েস স্যাম্পল বা কণ্ঠস্বরের নমুনা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওয়াকিবহাল মহলের মতে, রাজ্যে ক্ষমতার হাতবদলের পর পূর্ববর্তী সরকারের আমলে হওয়া একাধিক মামলার তদন্তে স্থবিরতার অভিযোগ সামনে আসছে। এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আজ পর্যন্ত মোট কতগুলি মামলা রুজু হয়েছে, তা খতিয়ে দেখতেই এবার তৎপর হলো কলকাতা হাইকোর্ট।

