Bengal Liberty:
উত্তর ২৪ পরগণার অশোকনগরে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ)-এর রাজ্য কমিটির সহ-সভাপতি তাপস ব্যানার্জির সঙ্গে যুক্ত একটি সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রবিবার আইএসএফের প্রকাশিত এক প্রেস বিবৃতিতে দাবি করা হয়েছে, দীর্ঘদিন ধরে আদিবাসী সমাজের উন্নয়নে কাজ করে আসা তাপস ব্যানার্জির প্রতিষ্ঠিত ‘হেমাঙ্গ সাংস্কৃতিক সংঘ’-এ একদল দুষ্কৃতী হামলা চালায়।

ISF
দলের অভিযোগ, রবিবার দুপুরে কয়েকজন ব্যক্তি জোরপূর্বক সংস্থার মঞ্চে নিজেদের ব্যানার লাগানোর চেষ্টা করেন। তাতে বাধা দিতে গেলে তাপস ব্যানার্জির ওপর চড়াও হয়ে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় সংস্থার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে বলেও দাবি করেছে আইএসএফ।
আরও খবর
ISFঅভিযুক্তদের গ্রেফতার ও নিরপেক্ষ তদন্তের দাবি

প্রেস বিবৃতিতে আইএসএফ জানিয়েছে, তারা এই ঘটনার তীব্র নিন্দা করছে এবং অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানাচ্ছে। একই সঙ্গে প্রশাসনের কাছে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আবেদনও জানানো হয়েছে।
ISF
আইএসএফের অভিযোগ, রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পর এ ধরনের হামলার ঘটনা ক্রমশ বেড়ে চলেছে। বিরোধী রাজনৈতিক মতাদর্শের সঙ্গে যুক্ত ব্যক্তি ও সংগঠনগুলিকে লক্ষ্য করে ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করা হচ্ছে বলেও দাবি দলের। গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে প্রশাসনের নিরপেক্ষ ও কঠোর পদক্ষেপের আহ্বান জানিয়েছে আইএসএফ।
তবে এই অভিযোগের বিষয়ে বিজেপির পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ ঘাসফুল ছেড়ে সূর্যমুখীতে নতুন রাজনৈতিক অধ্যায়? নতুন দল গঠনের পথে মমতা বন্দ্যোপাধ্যায়


