Bengal Liberty:
আগামী ৮ আগস্ট প্রয়াগরাজে কংগ্রেসের ‘ছাত্র কি গুঞ্জ’ কর্মসূচিকে ঘিরে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর উপস্থিতিতে কেপি কলেজ গ্রাউন্ডে এই কর্মসূচি হওয়ার কথা ছিল। অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় অনুমতিও নেওয়া হয়েছিল। তবে শেষ মুহূর্তে প্রবল বৃষ্টিতে মাঠে জল জমার কারণ দেখিয়ে সেই অনুমতি বাতিল করা হয়েছে।

Rahul Gandhi
কংগ্রেসের অভিযোগ, উত্তরপ্রদেশের বিজেপি সরকার ইচ্ছাকৃতভাবে রাহুল গান্ধীর কর্মসূচি আটকে দেওয়ার চেষ্টা করছে। দলের নেতা পবন খেরার দাবি, রাহুল গান্ধীর জনপ্রিয়তাকে ভয় পেয়েই প্রশাসনিক পদক্ষেপের মাধ্যমে তাঁর কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে সব বাধা অতিক্রম করেই কর্মসূচি হবে বলে দাবি করেছে কংগ্রেস।
আরও খবর

বিজেপির চাপে কর্মসূচি আটকে দেওয়ার অভিযোগ কংগ্রেসের
‘ছাত্র কি গুঞ্জ’ কর্মসূচির জন্য কায়স্থ পাঠশালা ট্রাস্টের তরফে কেপি কলেজ গ্রাউন্ড ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল। পরে প্রবল বৃষ্টিতে মাঠে জল জমে যাওয়ার কারণ দেখিয়ে সেই অনুমতি প্রত্যাহার করা হয়। পাশাপাশি, এলাহাবাদ হাইকোর্টের নির্দেশ অনুযায়ী খেলা ও শিক্ষামূলক অনুষ্ঠান ছাড়া কেপি কলেজ গ্রাউন্ড অন্য কোনও কাজে ব্যবহার করা যাবে না বলেও জানানো হয়েছে।
তবে বিরোধীদের প্রশ্ন, অনুমতি দেওয়ার সময় যদি ওই নির্দেশ কার্যকর থাকত, তা হলে সে বিষয়ে কর্তৃপক্ষ আগে অবগত ছিল না কেন? কংগ্রেসের অভিযোগ, বিজেপি সরকারের চাপেই শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল করা হয়েছে।
Rahul Gandhi
এই পরিস্থিতিতে সমাজমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন রাহুল গান্ধী। তাঁর অভিযোগ, ফি বৃদ্ধি এবং আসনসংখ্যা কমানোর প্রতিবাদে এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা আন্দোলন করছেন। অথচ তাঁদের সঙ্গে আলোচনায় বসার পরিবর্তে প্রশাসন পড়ুয়াদের বিরুদ্ধে এফআইআর দায়ের করছে। ছাত্র-যুবদের কণ্ঠরোধ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। পড়ুয়াদের সমস্যার কথা শুনতেই প্রয়াগরাজে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন রাহুল।
Rahul Gandhi
উল্লেখ্য, NEET-UG পরীক্ষার স্বচ্ছতা নিয়ে বিতর্কের আবহে গত ৩০ জুন ‘ছাত্র কি গুঞ্জ’ কর্মসূচির সূচনা করে কংগ্রেস। ৪০ দিনের এই সর্বভারতীয় কর্মসূচিতে দেশের ২৮টি বড় শহরে ছাত্রছাত্রী, চাকরিপ্রার্থী এবং যুবসমাজের বিভিন্ন দাবি তুলে ধরার পরিকল্পনা রয়েছে। ৮ আগস্ট প্রয়াগরাজের কর্মসূচির পর ৯ আগস্ট দিল্লিতে ‘দিল্লি চলো’ অভিযানের মাধ্যমে প্রথম পর্ব শেষ হওয়ার কথা।
Rahul Gandhi
ফলে প্রয়াগরাজে রাহুল গান্ধীর কর্মসূচির অনুমতি বাতিলকে ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে শাসক ও বিরোধী—উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগের সুর চড়িয়েছে। এখন এই বিতর্ক আগামী দিনের রাজনৈতিক সমীকরণে কতটা প্রভাব ফেলে, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

আরও পড়ুনঃ জমি দুর্নীতির মামলা সিআইডি দফতরে হাজিরার নির্দেশ সুমিতকে


