Bengal Liberty
রামপুরহাটে যাওয়ার পথে আশিস বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে স্মৃতিচারণ ও আক্ষেপ প্রকাশ করলেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী (Ritabrata Banerjee)। প্রাক্তন ডেপুটি স্পিকারের আত্মহত্যার কারণ সম্পর্কে একাধিক প্রশ্ন উত্থাপন হয়েছে। বিরোধী দলনেতা জানিয়েছেন, ” গত ১৫ বছরে রাজ্যে চলা সংগঠিত দুর্নীতির দায় মুষ্টিমেয় নেতারা নিলেও তার অভিশাপ ও মানসিক চাপ নিরীহ ও সজ্জন রাজনীতিকদেরও নিতে হচ্ছে।” প্রয়াত ডেপুটি স্পিকার নোটে লিখে গিয়েছেন – রাজনীতিতে আসা ভুল হয়েছে। মন্তব্যকে ঘিরে একাধিক রাজনৈতিক জল্পনা দানা বেঁধেছে। রবিবার সকালে রামপুরহাটে তৃণমূলের দলীয় কার্যালয় থেকে আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃতদেহ উদ্ধার ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়ায়।

ছাত্রাবস্থা থেকে রাজনীতির সঙ্গে জড়িত Ritabrata Banerjee
নিজের মৃত্যুতে কাউকে দায়ী না করলেও বীরভূমের এই ‘সৎ’ রাজনীতিবিদের চলে যাওয়া, কোন চাপে তিনি এই সিদ্ধান্ত নিলেন, তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা। বিরোধী দলনেতা জানিয়েছেন, ” দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে গত পনেরো বছরে বাংলা জুড়ে যে অর্গানাইজড লুট এবং লিগালাইজড প্লান্ডার হয়েছে, তার কুশীলব তো হাতেগোনা লোক, কিন্তু তার দায় তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী থেকে সবাইকে দিতে হচ্ছে। যারা কোনও কিছুর সঙ্গে যুক্ত নন, যারা অর্থনৈতিক অপরাধের সঙ্গে যুক্ত নন, তারাও বাদ পড়ছেন না। এই অর্গানাইজড লুট এবং লিগালাইজড ক্রাইম যে ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে রাজ্যের জনমানুষ, আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, আমরা কেউ তার দায় আর নিতে পারছি না, এবং এটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিকভাবে পড়ছে। ”

দুর্নীতি নিয়ে প্রশ্ন
আশিস ব্যানার্জির মৃত্যু দুর্নীতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। ঋতব্রত বলেন, “যাঁরা গত পনেরো বছরের অর্গানাইজড লুট এবং লিগালাইজড প্লান্ডারের কুশীলব ছিলেন, যাঁদের সম্পত্তির পরিমাণ নিপ্স অ্যান্ড বাউন্সের মতো বেড়েছে, তাঁদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠবেই। একটি সরকার না চাইলে যেমন দাঙ্গা হয় না, তেমনই চুরি-দুর্নীতিও হয় না। আশিসদার এই মর্মান্তিক মৃত্যু নিশ্চিতভাবে এই ধরনের অপ্রিয় প্রশ্ন আবার সামনে নিয়ে এসেছে।”

মৃত্যুর খবর পেয়েই রামপুরহাট রওনা দিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আখরুজ্জামান, স্নেহাশিস চক্রবর্তী, নরেন্দ্রনাথ চক্রবর্তীরা। গাড়িতে যাওয়ার সময় ভিডিওর মাধ্যমে সকলকে বার্তা দিলেন ঋতব্রত। উল্লেখ্য, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রামপুরহাট কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন আশিস বন্দ্যোপাধ্যায়। তবে ওই নির্বাচনে বিজেপি প্রার্থী ধ্রুব সাহার কাছে পরাজিত হন তিনি। ভোটে পরাজয়ের পর তাঁর রাজনৈতিক সক্রিয়তা কিছুটা কমে গিয়েছিল বলে স্থানীয় সূত্রে জানা যায়। যাওয়ার পথেই ভিডিওর বার্তায় দুঃখপ্রকাশ করেছেন ঋতব্রত।


