Bengal Liberty: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারকে নিয়ে সমাজমাধ্যমে মন্তব্যের জেরে গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়কে শোকজ করল রাজ্য বিজেপি। বুধবার, ২৬ অগস্ট, রাজ্য বিজেপির শৃঙ্খলা রক্ষা কমিটির তরফে বিধায়কের কাছে এই নোটিস পাঠানো হয়েছে। নোটিসে তাঁর বিরুদ্ধে কেন্দ্রীয় মন্ত্রীর বিষয়ে সমাজমাধ্যমে ‘অবমাননাকর’ মন্তব্য করার অভিযোগ তোলা হয়েছে।

শোকজ নোটিস (Satyendra Nath Ray)
রাজ্য বিজেপির শৃঙ্খলা রক্ষা কমিটির প্রধান প্রতাপ বন্দ্যোপাধ্যায়ের স্বাক্ষর করা ওই নোটিসে বলা হয়েছে, সত্যেন্দ্রনাথ রায়ের মন্তব্যে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এবং তা দলীয় সংবিধানবিরোধী। তাঁর ওই আচরণ ও কার্যকলাপের জন্য কেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। নোটিস পাওয়ার সাত দিনের মধ্যে তাঁকে লিখিত ভাবে কারণ জানাতে বলা হয়েছে। এরপর তাঁর জবাব পর্যালোচনা করে সংগঠনের তরফে পরবর্তী পদক্ষেপ করা হতে পারে।

ঘটনার সূত্রপাত (Satyendra Nath Ray)
ঘটনার সূত্রপাত সম্প্রতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্যকে ঘিরে। তৃণমূলের রাজ্য সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী ও বিধায়ক বিপ্লব মিত্রের তরফে সুকান্ত মজুমদারের প্রশংসা করা নিয়ে সমাজমাধ্যমে সরব হয়েছিলেন সত্যেন্দ্রনাথ রায়। কেন সেই মন্তব্যের প্রতিবাদ করা হয়নি, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। নিজের ফেসবুক ভিডিয়োতে সুকান্ত মজুমদার ও বিপ্লব মিত্রের সম্পর্ক নিয়েও মন্তব্য করতে শোনা যায় বিজেপি বিধায়ককে। তাঁদের ‘মাসতুতো ভাই’-এর মতো সম্পর্ক রয়েছে বলেও দাবি করেন তিনি।
আরও খবর
রাজ্য বিজেপির তৎপরতা (Satyendra Nath Ray)
এরপরই নড়েচড়ে বসেছে রাজ্য বিজেপি। শোকজ ঘিরে অবশ্য বিজেপির অন্দরের সাম্প্রতিক মতপার্থক্যের আলোচনাও নতুন করে সামনে এসেছে। গত কয়েক দিনে একই রাজনৈতিক ঘটনা বা ইস্যুতে রাজ্য বিজেপির একাধিক নেতা-মন্ত্রীর বক্তব্যে ভিন্ন সুর শোনা গিয়েছে। এবার দলেরই এক বিধায়কের মন্তব্যের জেরে শোকজের ঘটনায় সেই বিতর্ক আরও জোরালো হল।
এখন নজর সত্যেন্দ্রনাথ রায়ের জবাবের দিকে। সাত দিনের মধ্যে তাঁর ব্যাখ্যা পাওয়ার পর রাজ্য বিজেপি কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
আরো পড়ুন:-
https://bengalliberty.com/2026/08/26/garfa-police-station/


