Bengal Liberty : নিউ ফরাক্কা স্টেশন সংলগ্ন রেললাইনে ধসের পর প্রায় ৫৪ ঘণ্টা কেটে গেলেও এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি রেল পরিষেবা (Farakka)। প্রায় ৮০ মিটার এলাকা জুড়ে ধস নেমেছে এবং কোথাও কোথাও তার গভীরতা প্রায় ৭ মিটার। পরিস্থিতি সামাল দিতে প্রায় ২০০ জন শ্রমিককে কাজে নামিয়ে দিন-রাত এক করে চলছে মেরামতির কাজ। পূর্ব রেলের দাবি, ইতিমধ্যেই প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। জানা যাচ্ছে, ইনস্পেকশন কার দিয়ে রেললাইনে শুরু হয়েছে ট্রায়াল রান। ধীর গতিতে চালিয়ে দেখা হচ্ছে মালগাড়িও। আরও কিছু সময় ধরে চলবে এই প্রক্রিয়া। শনিবার সন্ধ্যার মধ্যে ওই শাখায় রেল চলাচল পুরোপুরি স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডে। তবে রেললাইনের পাশাপাশি ১২ নম্বর জাতীয় সড়কে যানজট নতুন করে যাত্রী দুর্ভোগ বাড়িয়েছে (Farakka)।

৮০ শতাংশ কাজ শেষ (Farakka)
গত বৃহস্পতিবার ভোরে নিউ ফরাক্কা স্টেশন সংলগ্ন আপ লাইনে আচমকা ধস নামে। নিরাপত্তার কথা মাথায় রেখে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ করে শুরু হয় মেরামতির কাজ। কিন্তু পাইলিংয়ের কাজ শুরু হতেই আরও সমস্যায় পড়েন রেলের কর্মীরা। ধসের পরিমাণ ক্রমশ বাড়তে থাকে। বর্তমানে প্রায় ৮০ মিটার এলাকা জুড়ে ধস নেমেছে। কোথাও কোথাও মাটির প্রায় ৭ মিটার গভীর পর্যন্ত বসে গিয়েছে।
ধসের জায়গায় পাথর ফেলা হলেও তা মাটির নীচে ঢুকে যাচ্ছে অথবা গড়িয়ে জলাশয়ে পড়ছে। ফলে মাটি শক্ত করে পাইলিং করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। শুক্রবার ওভারহেড তারের সমস্যার সমাধান করা গেলেও মূল মেরামতির কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি।
আরও খবর

ডিজেল ইঞ্জিনে চলছে ট্রেন (Farakka)
রেলের তরফে জানানো হয়েছে, ওই শাখায় সম্পূর্ণভাবে ট্রেন চলাচল বন্ধ নেই। মেরামতির কাজের জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখতে হওয়ায় ডাউন লাইনে ডিজেল লোকোমোটিভ দিয়ে ট্রেন চালানো হচ্ছে। ঘটনার পর থেকে এখনও পর্যন্ত প্রায় ১৬০টি ট্রেন ওই অংশ দিয়ে চলেছে বলে জানিয়েছেন রেলের আধিকারিকরা। তবে পরিস্থিতির কারণে বেশ কিছু ট্রেনের গতিপথ পরিবর্তন করা হয়েছে। কোনও কোনও ট্রেনের যাত্রাপথও ছোট করা হয়েছে। ফলে ট্রেন চলাচল অব্যাহত থাকলেও নির্ধারিত সময়ে পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে না।
মেরামতির কাজে গ্রুপ সি ও গ্রুপ ডি-র কর্মী-সহ প্রায় ২০০ জন শ্রমিককে নামানো হয়েছে। রেলের একাধিক উচ্চপদস্থ আধিকারিক ঘটনাস্থলে থেকে গোটা কাজের তদারকি করছেন। রেলের আশা, শনিবার সন্ধ্যার মধ্যেই কাজ শেষ করে স্বাভাবিক গতিতে ট্রেন চলাচল শুরু করা সম্ভব হবে।
আরও পড়ুন :
https://bengalliberty.com/2026/09/05/bjp-workers-attacked/


