Bengal Liberty : মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তর মন্তরে আন্দোলনের ডাক দিয়েছে ‘কোকরোচদের জনতা পার্টি’। এই কর্মসূচিকে সমর্থন জানিয়ে বিরোধী শিবিরের একাধিক নেতা সরব হয়েছেন। এ বার সেই আন্দোলনের পাশে দাঁড়িয়ে বিজেপি সরকারকে নিশানা করলেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। তাঁর পোস্টটি রিপোস্ট করেছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ও’ব্রায়েন।
যন্তর মন্তরের এই প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে দিল্লিতে উত্তেজনা তৈরি হয়েছে। আন্দোলনের অনুমতি না দেওয়াকে কেন্দ্র করে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রতিবাদ কর্মসূচিতে জমায়েত এড়াতে আগে থেকেই একাধিক মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে। বিভিন্ন জায়গায় ব্যারিকেড বসিয়ে যাতায়াত নিয়ন্ত্রণেরও চেষ্টা করেছে দিল্লি পুলিশ। এই পরিস্থিতিতে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধী নেতারা।
অখিলেশ যাদব তাঁর পোস্টে লিখেছেন, “কোনও বাধাই এই আন্দোলন থামাতে পারবে না। এ বার দিল্লিতে একজোট হবে গোটা দেশ!” দেশের যুবসমাজের উদ্দীপ্ত শক্তির পাশে থাকার বার্তা দিয়ে তিনি আরও লেখেন, “বিজেপি সরকার যদি মনে করে, ক্ষমতার জোরে মানুষের কণ্ঠরোধ করা যাবে, তা হলে সেটাই হবে তাদের আরও বড় ভুল।”
আরও খবর
অখিলেশের বক্তব্য, “যন্তর মন্তর এখন আর শুধু একটি জায়গার নাম নয়, এটি নতুন চেতনা ও জাগরণের প্রতীক হয়ে উঠেছে।” তাঁর দাবি, সরকার যদি প্রতিবাদীদের থামানোর চেষ্টা করে, তা হলে যন্তর মন্তরের আন্দোলনের বার্তা ছড়িয়ে পড়বে দেশের সর্বত্র।
অখিলেশের এই পোস্টটি রিপোস্ট করে আন্দোলনের প্রতি সমর্থনের বার্তা দিয়েছেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনও। ফলে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরের কর্মসূচিকে কেন্দ্র করে বিরোধী শিবিরের রাজনৈতিক তৎপরতা আরও বাড়ল।


