Abhishek Banerjee
Abhishek Banerjee

রেজিনগরে ভোটের ‘ভুল তথ্য’ ছড়ানোর অভিযোগ, অভিষেকের বিরুদ্ধে থানায় মামলা

Bengal Liberty : উপনির্বাচনের ফল প্রকাশের পরেই সামাজিক মাধ্যমে ভোটের হিসাব নিয়ে ভুল তথ্য ছড়ানোর অভিযোগে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হল। শনিবার মুর্শিদাবাদের রেজিনগর থানায় এই অভিযোগ দায়ের হয়েছে বলে খবর। রেজিনগর বিধানসভার ১০৯ নম্বর বুথের ভোটার সংখ্যা ও ভোটের হিসাব নিয়ে অভিষেকের একটি পোস্টকে কেন্দ্র করেই বিতর্কের সূত্রপাত।

শুক্রবার সামাজিক মাধ্যমে একটি পোস্টে অভিষেক দাবি করেছিলেন, রেজিনগরের ১০৯ নম্বর বুথে মোট ভোটার ৭৭২ জন। সেখানে বিজেপি ৯০৯টি ভোট পেয়েছে এবং হুমায়ুন কবীরের দল পেয়েছে মাত্র একটি ভোট। পোস্টটি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়। ওই বুথের ভোটার সংখ্যার সঙ্গে বিজেপির প্রাপ্ত ভোটের হিসাবের অসঙ্গতি নিয়ে প্রশ্ন ওঠে।

এর পরেই বিষয়টি খতিয়ে দেখে জেলা নির্বাচন দফতর। নির্বাচন কমিশনের তরফে সংশ্লিষ্ট বুথের ভোটার তালিকার প্রথম পাতাও সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়। সেই তালিকা অনুযায়ী, ১০৯ নম্বর বুথে মোট ভোটার ১১০৯ জন। ফলে অভিষেকের পোস্টে উল্লেখ করা ভোটার সংখ্যার সঙ্গে সরকারি নথির অমিল সামনে আসে।

শুক্রবারই মুর্শিদাবাদ পুলিশ জেলার পক্ষ থেকে অভিষেকের ওই পোস্টের তথ্যকে ভুল বলে জানানো হয়। এর পর রিটার্নিং অফিসারের তরফে মামলা দায়ের করা হয়েছে বলে খবর। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, ওই বুথে মোট ভোটারের মধ্যে ৫৭৫ জন পুরুষ এবং ৫৩৪ জন মহিলা। উপনির্বাচনে সেখানে মোট ৯৭২টি ভোট পড়েছে।

ভোটের ফল প্রকাশের পরেই এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগের নির্দিষ্ট ধারাগুলি এবং মামলার পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও স্পষ্ট নয়।

Pushpak Bhattacharya
Pushpak Bhattacharya

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।