Bikash Ranjan Bhattacharya
Bikash Ranjan Bhattacharya

সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়িতে শুভঙ্কর! হামলার নিন্দায় সরব কংগ্রেস

Bengal Liberty : বিশিষ্ট আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলার অভিযোগকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে উত্তেজনা অব্যাহত। এ বার সরাসরি তাঁর বাড়িতে গিয়ে পাশে থাকার আশ্বাস দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। এর আগে এই হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছিলেন তিনি। শনিবার বিকাশবাবুর সঙ্গে সাক্ষাৎ করে গোটা ঘটনায় গভীর উদ্বেগও প্রকাশ করেন কংগ্রেস সভাপতি।

উল্লেখ্য, কয়েক দিন আগে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলার অভিযোগকে কেন্দ্র করে সরগরম হয়ে ওঠে রাজ্য রাজনীতি। তাঁর অভিযোগ, বিজেপির সঙ্গে যুক্ত ব্যক্তিরাই তাঁর বাড়িতে হামলা চালিয়েছিলেন। এমনকি, হামলার সময় ‘জয় শ্রীরাম’ ধ্বনিও দেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয় তীব্র বিতর্ক।

অন্য দিকে, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে সনাতনী মঞ্চের তরফে অভিযোগ দায়েরের ঘটনাও রাজনৈতিক বিতর্কে নতুন মাত্রা যোগ করে। একজন বিশিষ্ট আইনজীবী ও রাজনৈতিক নেতার বাড়িতে হামলার অভিযোগ সামনে আসার পর বিরোধী শিবিরের একাধিক নেতা এই ঘটনার নিন্দা জানান। মমতা বন্দ্যোপাধ্যায়ও বিকাশবাবুর পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন। তা নিয়েও রাজনৈতিক মহলে শুরু হয় চাপানউতোর।

Bikash Ranjan Bhattacharya
Bikash Ranjan Bhattacharya

এ বার সরাসরি বিকাশবাবুর বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। এই সাক্ষাতের মাধ্যমে রাজনৈতিক হিংসার বিরুদ্ধে বিরোধী শিবিরের অবস্থান আরও এক বার স্পষ্ট হল। শুভঙ্কর সরকারের বক্তব্য, ‘গণতন্ত্রে বিরোধী কণ্ঠস্বরকে এ ভাবে আক্রমণ করা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না।’

বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলার অভিযোগকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে চাপানউতোর। এই পরিস্থিতিতে কংগ্রেস সভাপতির তাঁর বাড়িতে যাওয়া এবং পাশে থাকার বার্তাকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।