Bengal Liberty : পুজোর আনন্দের মাঝেই ফের বৃষ্টির চোখরাঙানি। বুধবার, চতুর্থীর দিন থেকেই আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের প্রভাবে নতুন করে বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই পুজো মণ্ডপগুলিতে দর্শনার্থীদের ভিড় বাড়তে শুরু করেছে। এই পরিস্থিতিতে বৃষ্টির পূর্বাভাস কিছুটা হলেও উদ্বেগ বাড়াচ্ছে পুজো উদ্যোক্তা থেকে সাধারণ মানুষের। তবে উত্তরবঙ্গে আপাতত আবহাওয়া মোটের উপর শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। কেমন থাকবে দুই বঙ্গের আবহাওয়া?
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তালিকায় রয়েছে কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর। এই জেলাগুলির কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এদিকে, আগামী এক থেকে দু’দিনের মধ্যে দেশের অবশিষ্ট অংশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর আরও কিছুটা বিদায়ের অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। একই সঙ্গে উপদ্বীপীয় ভারতের দক্ষিণাংশে উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর বৃষ্টিপাত শুরুর অনুকূল পরিস্থিতিও তৈরি হতে পারে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকায় পুজোর দিনগুলিতে আবহাওয়ার দিকে নজর রাখছেন সাধারণ মানুষ।
উত্তরবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে আবহাওয়া মোটের উপর শুষ্ক থাকার পূর্বাভাস রয়েছে। তবে কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের কোথাও ভারী বৃষ্টির আশঙ্কা নেই বলেই পূর্বাভাস। ফলে আপাতত উত্তরবঙ্গের আবহাওয়া নিয়ে বড় কোনও উদ্বেগ নেই। অর্থাৎ, চতুর্থীতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গে আবহাওয়া তুলনামূলক ভাবে অনুকূল থাকার ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস।


