Weather Alert
Weather Alert

পুজোর আনন্দে বাধ সাধবে বৃষ্টি? দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

পুজোর দিনগুলিতে আকাশ পরিষ্কার থাকবে কি না, তা নিয়ে স্বাভাবিকভাবেই কৌতূহল রয়েছে সাধারণ মানুষের মধ্যে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কোনও জেলাকেই পুরোপুরি বৃষ্টির আশঙ্কা থেকে বাদ দেওয়া যাচ্ছে না। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে হাওড়া, কলকাতা, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির আশঙ্কা বেশি।

ফলে পুজোর মণ্ডপে মণ্ডপে ঘোরার পরিকল্পনা থাকলে আবহাওয়ার দিকে নজর রাখা জরুরি। বৃষ্টির জেরে সাময়িকভাবে পুজোর আনন্দে ছেদ পড়ে কি না, এখন সেদিকেই নজর।

Weather Alert
Weather Alert

দক্ষিণবঙ্গে যখন বৃষ্টির ভ্রূকুটি, তখন বৃহস্পতিবার উত্তরবঙ্গের আবহাওয়া তুলনামূলকভাবে শুষ্ক থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর-এই আট জেলাতেই আজ বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। অর্থাৎ, আপাতত উত্তরবঙ্গের বাসিন্দাদের জন্য বৃষ্টির দিক থেকে স্বস্তির খবর। তবে পরবর্তী সময়ে উত্তরবঙ্গের জেলাগুলিতে নতুন করে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।

সব মিলিয়ে, বৃহস্পতিবার বাংলার আবহাওয়ায় স্পষ্ট আঞ্চলিক পার্থক্য দেখা যাচ্ছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস।

Dipsikha Mandal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।