CJP Protest
'তেরঙ্গা ওড়াও' কর্মসূচির ডাক

তেরঙ্গা ওড়ানোর ডাক CJP-র, ১১ জনকে নিয়ে বিক্ষোভ দেখান যাবে, জানাল পুলিশ

উৎসবের মরশুমে ককরোচ জনতা পার্টির প্রতিবাদ কর্মসূচি ঘিরে যানজট ও ব্যবসায়িক ক্ষতির আশঙ্কা প্রকাশ করে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অনিল কুমার গুপ্তা নামে এক ব্যক্তি। তাঁর দাবি ছিল, এই কর্মসূচি বাতিল করা হোক। তাঁর আশঙ্কা, প্রতিবাদের জেরে গোটা দিল্লির স্বাভাবিক জনজীবন ব্যাহত হতে পারে। তবে সেই আর্জি খারিজ করে দিয়েছে দিল্লি হাই কোর্ট। আদালতের বক্তব্য, প্রতিবাদ করার অধিকার সকলের রয়েছে। তাই কর্মসূচি বাতিল করা হবে না। তবে ভিড় নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য দিল্লি পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এর পরেই বৃহস্পতিবার সাধারণ মানুষের উদ্দেশ্যে আবেদন জানায় পুলিশ। বিবৃতিতে বলা হয়েছে, কনট প্লেস ও তার সংলগ্ন এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা অনুযায়ী নিষেধাজ্ঞা জারি রয়েছে। সেই নির্দেশ অমান্য করলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে পুলিশ।

একটি ভিডিয়োবার্তায় অভিজিৎ দিপকে দেশবাসীর উদ্দেশ্যে আবেদন জানিয়েছেন। তাঁর বক্তব্য, দেশের জাতীয় পতাকা ওড়ানোর জন্যই সৌরভ ও আশুতোষকে জেলে পাঠানো হয়েছে। এর প্রতিবাদে সমস্ত দেশপ্রেমী মানুষকে শুক্রবার বিকেল ৫টায় দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। দিপকের কথায়, জাতীয় পতাকা দেশের গর্ব। সেই পতাকা ওড়ানো কোনও অপরাধ হতে পারে না। তাই তেরঙা হাতে নিয়ে প্রতিবাদে শামিল হওয়ার বার্তা দিয়েছেন তিনি। শুধু দিল্লি নয়, যাঁরা কনট প্লেসে পৌঁছতে পারবেন না, তাঁদেরও নিজ নিজ শহরে সন্ধ্যায় ‘তেরঙা অভিযান’ করার আবেদন জানিয়েছেন সিজেপি নেতা।

দিপকের দাবি, জাতীয় পতাকার প্রতি ভালোবাসা প্রকাশ করার অধিকার প্রত্যেক দেশবাসীর রয়েছে। সেই অধিকার প্রয়োগের জন্য কাউকে জেলে পাঠানো যায় না। তিনি আরও জানিয়েছেন, এই কর্মসূচির জেরে তাঁকেও গ্রেফতার করা হতে পারে। তবে তাতে তিনি ভয় পাচ্ছেন না। জাতীয় পতাকা তাঁর গর্ব এবং তিনি পতাকা ওড়াবেনই বলে স্পষ্ট জানিয়েছেন।

CJP protest
‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির ডাক অভিজিৎ দীপকের

সম্প্রতি দিল্লির যন্তর মন্তরকে অনুমোদিত প্রতিবাদস্থলের তালিকা থেকে সরিয়ে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ওই নির্দেশের পর সেখানে জমায়েত ও বিক্ষোভ কর্মসূচির উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। এর মধ্যেই মঙ্গলবার সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার নেতৃত্বে সিজেপির কয়েক জন কর্মী লোহার দরজা টপকে যন্তর মন্তরে প্রবেশ করেন। সেখানে জাতীয় পতাকা ওড়ানোর পাশাপাশি ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দেন তাঁরা। পুলিশ প্রথমে তাঁদের আটক করে। পরে সৌরভ ও আশুতোষকে গ্রেফতার করা হয়। আদালত তাঁদের পাঁচ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। আপাতত দু’জনেই তিহাড় জেলে রয়েছেন।দলের দুই নেতার গ্রেফতারিকে কেন্দ্র করেই নতুন করে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছেন দিপকে।

Dipsikha Mandal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।