Chor Bagan Stampede
Chor Bagan Stampede

পাঁচ মিনিটেই বদলে গেল উৎসবের ছবি! চোরবাগান কাণ্ডে নিখোঁজদের খোঁজে হেল্পলাইন

Bengal Liberty : শহরের বিভিন্ন প্রান্ত থেকে ঠাকুর দেখতে এসেছিলেন তাঁরা। কারও সঙ্গে ছিলেন পরিবারের সদস্যরা, কেউ এসেছিলেন বন্ধুদের সঙ্গে। কিন্তু মুহূর্তের মধ্যেই বদলে গেল উৎসবের চেনা ছবি। আনন্দের আবহ পরিণত হল বিষাদে। কোথাও পড়ে রয়েছে জুতো, কোথাও ছড়িয়ে-ছিটিয়ে ব্যাগ, আবার কোথাও পড়ে রয়েছে জলের বোতল। চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপে পদপিষ্টের ঘটনার পর এমনই দৃশ্য সামনে এসেছে। মাত্র পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের।

শনিবার সন্ধ্যা প্রায় ৭টা ৪০ মিনিট নাগাদ গিরিশ পার্ক থানা এলাকার সারদা পার্কের চোরবাগান পুজোমণ্ডপের বেরোনোর গেটে এই দুর্ঘটনা ঘটে। লালবাজারের তরফে জানানো হয়েছে, বৃষ্টির মধ্যে ঠাকুর দেখতে আসা মানুষের প্রবল ভিড়ের জেরেই এই ঘটনা। আহতদের উদ্ধার করে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

লালবাজার সূত্রে পাওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত প্রায় ৩৫ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে আহত ও মৃতের চূড়ান্ত সংখ্যা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও জানানো হয়নি। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পাঠানো হয়েছে কলকাতা পুলিশের কন্ট্রোল রুমের কর্মী, দমকল, ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের সদস্য, চিকিৎসক দল এবং অ্যাম্বুল্যান্স।

ঘটনার পর আপাতত দর্শনার্থীদের জন্য পুজোমণ্ডপ বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে, প্রিয়জনের খোঁজ না পেয়ে উদ্বিগ্ন বহু মানুষ। তাঁদের সাহায্যের জন্য লালবাজারের কন্ট্রোল রুমের তরফে দুটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। হেল্পলাইন নম্বরগুলি হল: ১৮০০৩৪৫৫৬৭৮ এবং ০৩৩২২১৪১৩১০।

চোরবাগানের এই মর্মান্তিক ঘটনার পর নিখোঁজ বা আহত আত্মীয়স্বজনের খোঁজ পেতে সংশ্লিষ্ট হেল্পলাইন নম্বরগুলিতে যোগাযোগ করার আবেদন জানিয়েছে লালবাজার।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।