Bengal Liberty : উৎসবের আবহে শোকের ছায়া। সপ্তমীর রাতে চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্টের ঘটনায় ১৯ জনের মৃত্যুর খবর সামনে আসতেই গভীর শোকপ্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই মর্মান্তিক দুর্ঘটনার জেরে রবিবার, তাঁর পূর্বনির্ধারিত সমস্ত রাজনৈতিক ও পুজো সংক্রান্ত কর্মসূচি বাতিল করেছেন তিনি। দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে যান স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে চিকিৎসাধীন দর্শনার্থীদের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন তিনি।
উল্লেখ্য, দুর্গাপুজো উপলক্ষে পশ্চিমবঙ্গে একাধিক কর্মসূচি ছিল অমিত শাহের। রাজ্য রাজনীতির বিভিন্ন কর্মসূচির পাশাপাশি কলকাতার একাধিক দুর্গাপুজো মণ্ডপেও যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু শনিবার রাতে চোরবাগানের মর্মান্তিক দুর্ঘটনার পর সেই সমস্ত কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত নেন তিনি। উৎসবের আনন্দের মাঝেই এই ঘটনায় শোকস্তব্ধ গোটা রাজ্য। এই মর্মান্তিক ঘটনার কারণে তিনি তাঁর পূর্বনির্ধারিত পুজোর কর্মসূচি স্থগিত করেছেন। চোরবাগানে বিপর্যয়ে অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৪ জন। এদিন সকালে হাসপাতালে আহতদের দেখতে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহের সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। হাসপাতালে যান রাজ্যপাল আরএন রবিও।
‘গভীর সমবেদনা’, এক্সে শোকবার্তা অমিত শাহের
দুর্ঘটনার খবর পাওয়ার পরই সমাজমাধ্যম এক্সে শোকপ্রকাশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলায় করা পোস্টে তিনি লেখেন, “এইমাত্র চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে একাধিক মানুষের হতাহতের অত্যন্ত দুঃখজনক খবর পেয়েছি। এই বিষয়ে মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের সঙ্গে কথা হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের আত্মার শান্তি কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই।” স্বরাষ্ট্রমন্ত্রীর এই শোকবার্তার পাশাপাশি আহতদের পাশে দাঁড়ানোর উদ্যোগও বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।


