Bengal Liberty : ‘ভারতে কোনোভাবেই সরকার ফেলা যাবে না।’ নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) শতবর্ষের বিজয়া দশমী (দশেরার) অনুষ্ঠানে আন্দোলনকারীদের কড়া ভাষায় আক্রমণ করলেন সরসঙ্ঘচালক মোহন ভাগবত।
প্রত্যেকবারের মতোই মঙ্গলবার দশেরার ভাষণ দিচ্ছিলেন মোহন ভাগবত। সেখানে বিশ্বের নানা প্রান্তে বিক্ষোভের ঘটনা তুলে ধরেন। তবে স্পষ্ট জানিয়ে দেন, বাংলাদেশ, নেপালের কায়দায় ভারতেও সরকার ফেলার চেষ্টা চলছে। সেই সঙ্গে এও জানিয়েছেন, যে দেশে যাই হোক না কেন ভারতে সরকার ফেলার পরিকল্পনা সফল হবে না। একই সঙ্গে ভাগবত মনে করিয়ে দিয়েছেন, প্রতিবাদেরও দরকার রয়েছে।
নাগপুরে আরএসএসের বিজয়া দশমী উদযাপনে ভাগবত মন্তব্য করেন, “অসুরিক শক্তিরা সবসময় পরিকল্পনা করে, কীভাবে ভারত, হিন্দু এবং সঙ্ঘকে ছত্রভঙ্গ করা যায়। তাকিয়ে দেখুন, ফ্রান্স, আলবেনিয়া, নেপাল, বাংলাদেশে কী চলছে। ওই একই ষড়যন্ত্র চলছে ভারতেও। কিন্তু সরকার ফেলার পরিকল্পনা ভারতে সফল হবে না কারণ ভারত শক্তিশালী হয়ে এগিয়ে চলেছে। ওরা বলে সরকার ফেলে দিলেই অবস্থার উন্নতি ঘটবে। কিন্তু তেমনটা অতীতে কখনও ঘটেনি, আজও হবে না।” আত্মবিশ্বাসের সঙ্গে এমনটাই জানিয়েছেন ভাগবত।
উল্লেখ্য, আইসা প্রধান নেহা বোরা সাফ জানিয়েছিলেন বাংলাদেশের ছাত্রবিক্ষোভই অনুপ্রেরণা। বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের নেপথ্যে যে জুলাই আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের ছাত্র নেতারাও নেহাদের আন্দোলনকে সমর্থন করেছেন। পরে এক বিশিষ্ট আইনজীবী প্রকাশ্যেই দাবি করেন তাঁরা ‘রেজিম চেঞ্জ’ চাইছেন। মঙ্গলবারের ভাষণে ভাগবত কারোর নাম উল্লেখ না করলেও ওয়াকিবহাল মহল মনে করছে, ককরোচ জনতা পার্টি এবং অন্যান্য আন্দোলনকারীদের বিঁধতেই এমন বিস্ফোরক মন্তব্য করেছেন আরএসএস প্রধান।
আরও খবর
ভাগবত মতে, গণতন্ত্রে প্রতিবাদের দরকার আছে। কিন্তু সেটার উদ্দেশ্য হওয়া উচিত শুধু সমস্যার সমাধান খুঁজে বের করা। রাজনৈতিক উদ্দেশ্যে বা ভোট বাক্সে সাফল্য পাওয়ার জন্য যেন প্রতিবাদ না হয়। একথা মনে করান তিনি। এর পাশাপাশি নাম না করে সিজেপি এবং অন্য প্রতিবাদীদের একহাত নিয়ে বলেন, “বহু শক্তি কাজ করছে আমাদের মধ্য অসন্তোষ আর বিশৃঙ্খলা তৈরির জন্য। তাই আমাদের সতর্ক থাকতে হবে যেন এই ফাঁদে পা না দিই।” ভাগবতের এই ভাষণের ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। গণতন্ত্রে আন্দোলন করার অধিকারকে স্বীকৃতি দিলেও তিনি সমাজকে বিভক্ত না করে গঠনমূলক সমাধানের জন্য আন্দোলন করার আহ্বান জানান।


