Bengal Liberty : উত্তর প্রদেশে ভোটার তালিকায় বিস্তর কারচুপির অভিযোগে দুই ইলেকটোরাল রেজিষ্ট্রেশন অফিসার বা ইআরওকে বরখাস্ত করল নির্বাচন কমিশন। একইসঙ্গে একজন কম্পিউটার অপারেটরকেও গ্রেফতার করা হয়েছে। কংগ্রেসের অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ করেছে নির্বাচন কমিশন।
কিছুদিন আগে কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়েছে, খসড়া ভোটার তালিকা প্রকাশের পর উত্তর প্রদেশের পিলভিট এলাকায় ১৩,১৫০ জন ভোটারের নাম পরিবর্তন করা হয়েছে। অন্য নাম ব্যবহার করা হলেও এপিক নম্বর, সিরিয়াল নম্বর একই রয়েছে। কংগ্রেসের তরফে রাজেন্দ্র পাল গৌতম জানিয়েছেন, বেশ কয়েক ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
এই রকম ৮০০ জন ভোটার রয়েছেন যাদের নাম বাদ দেওয়া হয়েছে। অথচ তাঁরা সমস্ত নথিপত্র জমা দিয়েছেন বা তাঁদের বৈধ নথিপত্র রয়েছে। একই সঙ্গে তিনি জানান, পিলভিটের ওই ভোটার তালিকায় ২৬০০ জন ভোটারকে অন্তর্ভূক্ত করা হয়েছে যাদের বাড়ি ওখানে নয়। পিলভিটের মুখ্য নির্বাচনী আধিকারিক অলক কুমার জানিয়েছেন, বিষয়টি জানার পরই ভোটার তালিকা সংশোধনের কাজ করা হচ্ছে। ইতিমধ্যে দুই জন ইআরও কে বরখাস্ত করা হয়েছে। একজন কম্পিউটার অপারেটরকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।


