Bengal Liberty : দেশ বিরোধী আপত্তিকর স্লোগান তুলে এবার বিতর্কে জড়াল দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে লেখা হল স্বাধীন কাশ্মীর ও দিল্লির দাঙ্গায় অভিযুক্ত শারজিল ইমামের পক্ষে স্লোগান। শুধু তাই নয়, আরএসএস, এবিভিপি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধেও স্লোগান দেওয়া হয়েছে। ইতিমধ্যে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে আন্দোলনে নেমেছে বিরোধী ইন্ডিয়া জোট ও ককরোচ জনতা পার্টি। তারমধ্যে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের এই ঘটনা নতুন করে প্রশাসনকে চিন্তায় ফেলেছে।
জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে ফ্রি কাশ্মীর স্লোগান লেখা হয়। সেই সঙ্গে সিএএ বিরোধী সংঘর্ষে অভিযুক্ত শারজিল ইমামের মুক্তির দাবিতেও স্লোগান দেওয়া হয়। তাঁর নামের পাশে হৃদয় চিহ্ন এঁকে তাঁর প্রতি ভালোবাসা প্রকাশ করা হয়। এই ঘটনা সামনে আসতেই নড়েচড়ে বসেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখনও পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের হয়নি ঠিকই, তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে তদন্ত শুরু হয়েছে।
ইতিমধ্যে এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। বিশ্ববিদ্যালয়ে এই ধরনের ঘটনা এমন একটা সময় ঘটল যখন শিক্ষার্থীরা ছাত্র ইউনিয়ন পুনর্বহালের দাবিতে ক্যাম্পাসে অবস্থান ধর্মঘট শুরু করেছে। গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের গালিব লনে ছাত্র ইউনিয়ন পুনর্বহালের দাবিতে একটি জনসভা হয়। এতে অনেক শিক্ষার্থী অংশ নেয়। অবস্থান ধর্মঘটকে সমর্থন জানাতে এই সভার আয়োজন করা হয়েছিল বলে ইউনাইটেড স্টুডেন্টস অফ জামিয়া নামে নবগঠিত সংগঠন জানিয়েছে। এই প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে আপত্তিকর স্লোগান পুরো বিষয়কে কোন দিকে নিয়ে যায়, এখন সেটাই দেখার।


