Bengal Liberty : দেশবিরোধী স্লোগান বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে লেখা হয়েছে, এমন অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে ‘ফ্রি কাশ্মীর’ স্লোগান লেখা হয়। তারপরই শুরু হয় বিক্ষোভ। এর জেরে শনিবারও অশান্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়। নিরাপত্তারক্ষীদের সঙ্গে পড়ুয়াদের সংঘর্ষ বেঁধে যায় । এর জেরে বন্ধ হয়ে গিয়েছে পঠনপাঠন। আপাতত অনলাইন পদ্ধতিতে চলবে ক্লাস। এমনটাই জানিয়েছে কর্তৃপক্ষ। বিক্ষোভরত শিক্ষার্থীরা ক্যাম্পাসে বেশ কিছু অস্থায়ী তাঁবু বানিয়েছিলেন। এদিন সকালে নিরাপত্তারক্ষীরা সেগুলি সরিয়ে ফেলার উদ্যোগ নেয়। তখনই বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মাহতাব আলম রিজভির অভিযোগ, শনিবার ক্যাম্পাসে এসেছিলেন দুই কংগ্রেস সাংসদ ইমরান প্রতাপগঢ়ি ও ইমরান মাসুদ । তাঁদের বিরুদ্ধে পড়ুয়াদের উসকে দেওয়ার অভিযোগ রয়েছে। গোটা ঘটনায় দিল্লি পুলিশের কাছে একটি অভিযোগও দায়ের করা হয়েছে বলে জানানো হয়েছে। ছাত্রসংসদের পুনর্বহালের দাবিতে চলছে এই আন্দোলন। গোটা ঘটনায় ক্ষুব্ধ বিজেপি। তাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে দেশ-বিরোধী স্লোগান লেখার কারণেই উত্তপ্ত হচ্ছে ক্যাম্পাসের পরিস্থিতি। ইতিমধ্যেই তদন্তের দাবি জানানো হয়েছে।


