Bengal Liberty : লোহিত সাগরে ফের ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হল। ইয়েমেনের উপকূলের কাছে ১৪ জন ভারতীয় নাগরিককে নিয়ে একটি ইয়ট আক্রান্ত হওয়ার খবর সামনে আসতেই চাঞ্চল্য ছড়ায়। তবে বিপদের মুহূর্তে উদ্ধারকাজে এগিয়ে আসার দাবি করেছে ইয়েমেনের হাউথি গোষ্ঠী। অন্যদিকে, ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে, ওই ১৪ জন ভারতীয়ই নিরাপদে রয়েছেন। ফলে আপাতত স্বস্তিতে তাঁদের পরিবার-পরিজন।
কী ভাবে ঘটল এই ঘটনা
প্রাথমিক তথ্য অনুযায়ী, লোহিত সাগরে ইয়েমেনের উপকূলের কাছে জুকার দ্বীপের আশপাশে ১৪ জন ভারতীয় নাগরিককে নিয়ে একটি ইয়ট আক্রান্ত হয়।
হাউথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেন, সৌদি বাহিনী ওই ভারতীয় ইয়টটিকে নিশানা করেছে। এর পরই ইয়টে থাকা ভারতীয়দের উদ্ধারে তৎপর হয় হাউথি বাহিনী।
আরও খবর
তবে হামলার নেপথ্যে সৌদি আরবের ভূমিকা নিয়ে ওঠা অভিযোগ এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ফলে ঠিক কী কারণে এবং কোন পরিস্থিতিতে ইয়টটি আক্রান্ত হয়েছিল, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।
উদ্ধারকাজে হাউথিদের দাবি
হাউথি গোষ্ঠীর দাবি, ইয়টে থাকা ১৪ জন ভারতীয় নাগরিককে উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক জলপথে নিরাপত্তা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। হাউথিদের তরফে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য পরে প্রকাশ করার কথা জানানো হয়েছিল।
অন্যদিকে, ভারতীয় দূতাবাসও গোটা পরিস্থিতির উপর নজর রাখছিল। প্রাথমিকভাবে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহের কথা জানিয়ে ভারতীয় নাগরিকদের নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করতে সব রকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছিল।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে চলতে থাকা সংঘাতের আবহে লোহিত সাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলপথে নিরাপত্তা নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে। বাণিজ্যিক জাহাজ চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথে একের পর এক হামলার ঘটনায় বিপাকে পড়ছেন নাবিক ও সমুদ্রযাত্রীরা। এমন পরিস্থিতিতে ১৪ জন ভারতীয়র নিরাপদে থাকার খবর স্বস্তি দিলেও আন্তর্জাতিক জলপথে নিরাপদ যাতায়াত নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ।


