Adolf Hitler
Adolf Hitler

পুড়ে ছাই হিটলারের কুখ্যাত গোপন আস্থানা ঈগলস নেস্ট!

Bengal Liberty : দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা এক ঐতিহাসিক স্থাপনায় ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনে কার্যত ধ্বংস হয়ে গেল জার্মানির বাভারিয়ান আল্পসের পাহাড়চূড়ায় অবস্থিত অ্যাডলফ হিটলারের প্রাক্তন পাহাড়ি আবাস ‘ঈগলস নেস্ট’। শুক্রবার রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ইতিমধ্যেই এক সন্দেহভাজনকে আটক করেছে জার্মান পুলিশ। তবে ঠিক কী কারণে এই আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।

ভয়াবহ আগুনে কার্যত ধ্বংস ঐতিহাসিক স্থাপনা

জার্মানির দক্ষিণ-পূর্বাঞ্চলের বাভারিয়া প্রদেশের বের্শটেসগাডেনের কাছে অবস্থিত কেলস্টাইনহাউস, যা বিশ্বজুড়ে ‘ঈগলস নেস্ট’ নামেই পরিচিত। শুক্রবার রাত প্রায় ৯টা ১৫ মিনিট নাগাদ এই ভবনে আগুন লাগার খবর সামনে আসে। অগ্নি সতর্কতা ব্যবস্থা সক্রিয় হওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছন দমকলকর্মীরা।

কিন্তু সেখানে পৌঁছে আগুনের ভয়াবহতা দেখে কার্যত হতবাক হয়ে যান উদ্ধারকারীরা। ততক্ষণে আগুনের গ্রাসে চলে গিয়েছে গোটা ভবন। আগুন নেভানোর কাজে নামানো হয় প্রায় ২০০ জন দমকলকর্মী ও জরুরি পরিষেবার কর্মী। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, আগুনে ভবনটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

১৯৩৭ থেকে ১৯৩৮ সালের মধ্যে নির্মিত এই স্থাপনাটি নাৎসি শাসনকালের এক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন। নাৎসি নেতা অ্যাডল্ফ হিটলারের জন্য তৈরি করা হলেও তিনি এখানে খুব কমই যেতেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্রশক্তির বোমাবর্ষণেও অক্ষত ছিল এই ভবন।

১৯৫২ সাল থেকে এখানে একটি রেস্তরাঁ এবং নাৎসি জার্মানির ইতিহাস নিয়ে প্রদর্শনী চালু ছিল। একদিকে পাহাড়ের অপরূপ সৌন্দর্য, অন্যদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ অতীত—দুইয়ের মেলবন্ধনে দীর্ঘদিন ধরেই পর্যটকদের আকর্ষণের কেন্দ্র ছিল এই স্থাপনা। কিন্তু এবার ভয়াবহ অগ্নিকাণ্ডে কার্যত নিশ্চিহ্ন হওয়ার মুখে ইতিহাসের সেই সাক্ষী। আদৌ ভবনটির কোনও অংশ উদ্ধার করা সম্ভব হবে কি না, এখন সেদিকেই নজর।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।