Bengal Liberty : অরুণাচল প্রদেশের সীমান্তে ভারত ও চিনের মধ্যে ফের সংঘাতের পরিস্থিতি! প্রকৃত নিয়ন্ত্রণরেখা (LAC) বরাবর একাধিক জায়গায় ভারতীয় ও চিনা সেনার মুখোমুখি হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ (ITBP)-এর প্রধান শত্রুজিৎ কপূর। তাঁর মন্তব্য ঘিরে ইতিমধ্যেই জাতীয় রাজনীতিতে শুরু হয়েছে জোর চর্চা। এবার এই পরিস্থিতি নিয়ে মুখ খুলল বিদেশ মন্ত্রক। চিনা বাহিনীর বিরুদ্ধে নির্ধারিত টহলদারির নিয়ম থেকে সরে আসার অভিযোগ তুলেছে নয়াদিল্লি
অরুণাচলে কী পরিস্থিতি
বৃহস্পতিবার রাজস্থানের আলওয়ারে ITBP-র একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বাহিনীর প্রধান শত্রুজিৎ কপূর জানান, সাম্প্রতিক সময়ে অরুণাচল প্রদেশের একাধিক জায়গায় ভারত ও চিনের বাহিনীর মধ্যে মুখোমুখি হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। শুধু তাই নয়, কিছু জায়গায় সেই পরিস্থিতি এখনও অব্যাহত রয়েছে বলেও ইঙ্গিত দেন তিনি।
ITBP প্রধানের এই মন্তব্য ঘিরেই নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে অরুণাচল প্রদেশের সীমান্তবর্তী এলাকায় পরিস্থিতি ঠিক কতটা উত্তপ্ত, তা নিয়ে উঠছে প্রশ্ন। তবে নির্দিষ্ট সংঘাতের পরিস্থিতি, তার বর্তমান অবস্থা এবং সামরিক গতিবিধি নিয়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ্যে আসেনি।
আরও খবর
চিনের টহলদারির নিয়ম ভাঙা নিয়েই উদ্বেগ চরমে
শুক্রবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে জানান, চিনা বাহিনী নির্ধারিত টহলদারির পদ্ধতি থেকে সরে এলে ভারত-চিন সীমান্তের পরিস্থিতি মাঝেমধ্যেই বিঘ্নিত হয়। বিদেশ মন্ত্রকের বক্তব্য, প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর অমীমাংসিত বিষয়গুলির সমাধান করতে ভারত ও চিন, দুই দেশই বিদ্যমান কূটনৈতিক ও সামরিক ব্যবস্থার মাধ্যমে আলোচনা চালিয়ে যাচ্ছে।
সীমান্তে ঠিক কী ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, সেই সংক্রান্ত নির্দিষ্ট প্রশ্নের উত্তরে বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানান, বিস্তারিত তথ্যের জন্য প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করা উচিত। অর্থাৎ, সীমান্তে সংঘাতের পরিস্থিতি নিয়ে বিদেশ মন্ত্রক নিজেদের অবস্থান স্পষ্ট করলেও, ঠিক কোন কোন জায়গায় কী ধরনের ঘটনা ঘটেছে, তা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেয়নি নয়াদিল্লি।
সব মিলিয়ে, অরুণাচল সীমান্তে ভারত-চিন বাহিনীর মুখোমুখি হওয়ার খবর এবং বিদেশ মন্ত্রকের সাম্প্রতিক মন্তব্য ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। তবে এই মুহূর্তে পরিস্থিতির প্রকৃত গভীরতা এবং সীমান্তে কোনও বড়সড় সংঘাতের আশঙ্কা রয়েছে কি না, তা নিয়ে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছনোর মতো বিস্তারিত সরকারি তথ্য সামনে আসেনি। তবে এই নয়া দাবি কে ঘিরে ফের একবার ভারত ও চীনের মধ্যে টানাপোড়েন চরমে। আগামীদিনে এর কোনও প্রবাব আন্তর্জাতিক মহলে পড়ে কী সেটাই দেখার।


