Suvendu Adhikari
Suvendu Adhikari

পাকিস্তানের শাহজাদ ভাট্টি গ্যাংয়ের নিশানায় মুখ্যমন্ত্রী শুভেন্দু! প্রাণনাশের হুমকির অভিযোগ বিজেপি নেত্রীর

bBengal Liberty : পাকিস্তানের নম্বর থেকে ফোন, সঙ্গে একের পর এক হুমকির মেসেজ! নিশানায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ! এমনই বিস্ফোরক অভিযোগ ঘিরে তোলপাড় রাজনৈতিক মহল। বিজেপি নেত্রী নাজিয়া ইলাহি খানের দাবি, পাকিস্তানের গ্যাংস্টার শাহজাদ ভাট্টি এবং তাঁর সহযোগীদের তরফে তাঁকে লাগাতার প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। শুধু ফোন বা মেসেজ নয়, ভয় দেখাতে তাঁকে ভয়াবহ ভিডিয়োও পাঠানো হয়েছে বলে অভিযোগ তাঁর। নাজিয়ার দাবি, এই হুমকির নিশানায় রয়েছেন দুই রাজ্যের দুই মুখ্যমন্ত্রীও। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের স্পেশাল টাস্ক ফোর্স (STF), উত্তরপ্রদেশের অ্যান্টি টেররিস্ট স্কোয়াড (ATS) এবং গাজিয়াবাদ পুলিশের আধিকারিকদের কাছে তথ্য পাঠিয়েছেন বলে জানিয়েছেন বিজেপি নেত্রী।

নাজিয়া ইলাহি খান ‘নাজিয়া সনাতনী’ নামেও পরিচিত। পেশায় আইনজীবী এই বিজেপি নেত্রী সমাজমাধ্যমে একটি ভিডিয়ো বার্তায় দাবি করেছেন, পাকিস্তানের একটি নম্বর থেকে তাঁকে লাগাতার ফোন ও মেসেজ করা হচ্ছে। তাঁর অভিযোগ, শাহজাদ ভাট্টির সহযোগীদের সঙ্গে যুক্ত একটি নম্বর থেকেই এই হুমকি এসেছে। তাঁকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেছেন তিনি। নাজিয়ার বক্তব্য অনুযায়ী, পাঠানো ভিডিয়ো ও মেসেজের তথ্য পশ্চিমবঙ্গের STF এবং উত্তরপ্রদেশের ATS-কে জানানো হয়েছে। গাজিয়াবাদ পুলিশের আধিকারিকদেরও বিষয়টি সম্পর্কে অবগত করেছেন তিনি।

গত জুলাই মাসে পূর্ব বর্ধমানের রেনেসাঁ টাউনশিপের একটি জিম থেকে শামীম নামে এক যুবককে গ্রেফতার করেছিল STF। পরে তদন্তে ওই যুবকের সঙ্গে পাকিস্তানি জঙ্গি সংগঠনের সরাসরি যোগাযোগ থাকার বিষয়টি সামনে আসে বলে দাবি করা হয়। তার কাছ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নজরদারিতে রাখার সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছিল বলেও জানা যায়। সেই ঘটনার পর থেকেই মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আরও জোরদার করার পদক্ষেপ করে স্বরাষ্ট্র দফতর। ফের মুখ্যমন্ত্রীকে প্রাণনাশের হুমকির অভিযোগ সামনে আসায় নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে প্রাণনাশের হুমকির অভিযোগ ঘিরে উদ্বেগ তৈরি হলেও, এ ধরনের হুমকিতে তিনি আদৌ বিচলিত নন বলেই দাবি করা হচ্ছে। ভয় পেয়ে পিছিয়ে যাওয়ার মানুষ তিনি নন, সেই বার্তাই দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, “হুমকি দিয়ে তাঁকে দমিয়ে রাখা যাবে না।”

অন্যদিকে, এই অভিযোগ সামনে আসার পর নাজিয়ার নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। বিজেপি নেত্রী নাজিয়া ইলাহি খানের নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে দাবি করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নাজিয়াকে বাড়তি নিরাপত্তা দেবে পশ্চিমবঙ্গ সরকার। তবে পাকিস্তানের নম্বর থেকে আসা হুমকির পিছনে কারা রয়েছে এবং শাহজাদ ভাট্টি গ্যাংয়ের সঙ্গে এই ঘটনার যোগ কতটা, তা তদন্তের পরেই স্পষ্ট হবে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।