Bengal Liberty : ওয়ার্ডভিত্তিক ভোটার তালিকা প্রকাশ করতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশন। আগামী ২৬ অক্টোবর এই তালিকা প্রকাশের কথা সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। ওয়ার্ডভিত্তিক ভোটারদের তথ্য চেয়ে গত ১৪ সেপ্টেম্বরই রাজ্য নির্বাচন কমিশনের কাছে আরটিআই আবেদন করেছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায়। এ বার কমিশনের তালিকা প্রকাশের উদ্যোগ ঘিরে প্রশ্ন উঠছে, কংগ্রেস নেতার আরটিআই আবেদনের জেরেই কি চাপের মুখে পড়েছে কমিশন? সেই চাপেই কি সিদ্ধান্ত বদলের পথে হাঁটছে তারা?
আশুতোষ চট্টোপাধ্যায়ের পাঠানো আবেদনপত্রের ডাক বিভাগের রসিদও সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, গত ১৪ সেপ্টেম্বর রাজ্য নির্বাচন কমিশনের উদ্দেশে স্পিড পোস্টের মাধ্যমে আবেদন পাঠানো হয়েছিল। ওয়ার্ডভিত্তিক ভোটারদের তথ্য চেয়েই এই আরটিআই আবেদন করা হয়েছিল বলে কংগ্রেসের তরফে জানানো হয়েছে।
কংগ্রেসের দাবি, আবেদন জমা দেওয়ার পর এক মাস পেরিয়ে গেলেও প্রয়োজনীয় তথ্য পাওয়া যায়নি। এই পরিস্থিতিতে আগামী ২৬ অক্টোবর ওয়ার্ডভিত্তিক ভোটার তালিকা প্রকাশের কথা সামনে আসায় বিষয়টি নতুন মাত্রা পেয়েছে।
আরও খবর
এখন নজর ২৬ অক্টোবরের দিকে। ওই দিন ওয়ার্ডভিত্তিক ভোটার তালিকা প্রকাশিত হলে ভোটারদের তথ্য জানার ক্ষেত্রে কতটা স্বচ্ছতা আসে, সেটাই দেখার। পাশাপাশি, কমিশনের এই উদ্যোগের সঙ্গে কংগ্রেস নেতার আরটিআই আবেদনের কোনও যোগ রয়েছে কি না, তা নিয়েও রাজনৈতিক মহলে জল্পনা অব্যাহত।


