Suvendu Adhikari
Suvendu Adhikari

‘তৃণমূলকে শেষ করতে হবে, বামেদেরও উঠতে দেওয়া যাবে না’, তমলুক থেকে হুঙ্কার শুভেন্দুর

সোমবার তমলুকের কাকগাছিয়ায় প্রায় সাড়ে ৩৩ ডেসিমেল জমিতে বিজেপির নতুন দলীয় কার্যালয়ের ভূমিপুজো অনুষ্ঠিত হয়। বৈদিক রীতি মেনে হোমযজ্ঞের মাধ্যমে এই কর্মসূচি সম্পন্ন হয়। অনুষ্ঠানের পরেই রাজনৈতিক আক্রমণে সরব হন শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্যে উঠে আসে রাজ্যের বামফ্রন্টের ৩৪ বছরের শাসন এবং তৃণমূলের ১৫ বছরের শাসনকাল।

তৃণমূলের বিরুদ্ধে তোপ দেগে শুভেন্দু বলেন, “তৃণমূল তো গত ১৫ বছর ধরে রাজ্যটাকে গ্রেটার বাংলাদেশ করার চেষ্টা করেছিল।” বামেদেরও আক্রমণ করতে ছাড়েননি তিনি। ব্রাজিলে বামপন্থীদের জয় নিয়ে উচ্ছ্বাস প্রকাশের প্রসঙ্গ টেনে বাম নেতাদের রাজনৈতিক আদর্শকে কটাক্ষ করেন শুভেন্দু। তাঁর কথায়, “সকাল থেকে আজ ওরা ব্রাজিলে জিতেছে বলে লাফাচ্ছে। এদের বাড়িতে কি আর স্বামী বিবেকানন্দ, ক্ষুদিরাম, মাতঙ্গিনী হাজরার ছবি পাবেন

আসন্ন হলদিয়া পুরসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মীদের বিশেষ বার্তা দেন শুভেন্দু অধিকারী। সমস্ত আসনে জয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের আহ্বান জানান তিনি। কর্মীদের উদ্দেশ্যে তাঁর স্পষ্ট নির্দেশ, “এই নির্বাচনে জেলার সমস্ত স্তরের কর্মীরা একেবারে কোমর বেঁধে ঝাঁপিয়ে পড়বেন এবং ৩০টি আসনেই বিরোধীদের সম্পূর্ণ শূন্য করে দিতে হবে।” মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তিনি আরও বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে খালি হাতে বাটি নিয়ে ফিরে যেতে বাধ্য করতে হবে।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত শক্ত করার আহ্বান জানিয়ে কর্মীদের সতর্ক থাকার পরামর্শও দেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্যে উঠে আসে ‘দিমাগী নকশাল’, ‘টুকরো টুকরো গ্যাং’ এবং ‘আরশোলা-ছারপোকা’দের প্রসঙ্গ। এই ধরনের শক্তিকে কোনওভাবেই মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না বলে কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন তিনি।

Dipsikha Mandal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।